---
title: "“আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না জানিয়ে থাকতে পারি না”: প্রধানমন্ত্রী"
url: "https://prothomkolkata.com/iit-kharagpur-platinum-jubilee-modi-speech-india/"
published: "2026-11-21T06:38:21+00:00"
modified: "2026-11-21T06:55:59+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# “আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না জানিয়ে থাকতে পারি না”: প্রধানমন্ত্রী

`IIT Kharagpur Platinum Jubilee`: পশ্চিমবঙ্গ সফরে এসে খড়গপুরের ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, ২১ নভেম্বর, প্রতিষ্ঠানের বিশেষ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। দেশের প্রযুক্তিশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবদানকে ঘিরেই আয়োজন করা হয়েছিল এই উদ্‌যাপন।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত খড়গপুরের এই প্রতিষ্ঠানটি দেশের প্রথম ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান। জাতীয় গুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের প্রযুক্তিশিক্ষা, গবেষণা এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

## **দেশের গর্ব খড়গপুর আইআইটি, জানালেন মুখ্যমন্ত্রী** `IIT Kharagpur Platinum Jubilee`

প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খড়গপুর আইআইটির অবদানের কথা তুলে ধরেন। তাঁর বক্তব্য, দেশের উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ এবং উদ্ভাবনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য পশ্চিমবঙ্গের কাছে গর্বের বিষয়।

মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যে স্বাগত জানাই। খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি উদ্‌যাপনে তাঁর যোগদান আমাদের কাছে আনন্দের বিষয়। দেশ গঠনে অবদান, শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ এবং উদ্ভাবনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য নিয়ে পশ্চিমবঙ্গ গর্বিত। এই ঐতিহাসিক মুহূর্তে প্রতিষ্ঠানটির আরও সাফল্য কামনা করি। প্রধানমন্ত্রীর সফর আনন্দদায়ক ও ফলপ্রসূ হোক, সেই আশা রাখি।”

## **পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর** (Narendra Modi IIT Kharagpur Speech)

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল প্রতিষ্ঠানের পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়।

প্রশিক্ষণ শেষ করে কর্মজগতে প্রবেশ করতে চলা দক্ষ তরুণ-তরুণীদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি সর্বভারতীয় স্তরে কৃতিত্ব অর্জনকারী এবং দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া ব্যক্তিদেরও স্বীকৃতি দেওয়া হয়।

খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের পরিবর্তনের দীর্ঘ যাত্রার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী [নরেন্দ্র মোদী](https://prothomkolkata.com/india-semiconductor-ecosystem-expansion/)। তাঁর কথায়, এই প্রতিষ্ঠানের পথচলার সঙ্গে সঙ্গে ভারতও একের পর এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী থেকেছে। দেশের প্রথম ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান হিসেবে খড়গপুর আইআইটি সেই পরিবর্তনের প্রতিটি পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

### **গরুর গাড়ি থেকে দ্রুতগতির ট্রেন, চিঠি থেকে সমাজমাধ্যম**

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে খড়গপুর আইআইটি অসংখ্য সাফল্যের মাইলফলক ছুঁয়েছে। একই সময়ে ভারতও প্রত্যক্ষ করেছে বহু পরিবর্তন। একসময় দেশে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল গরুর গাড়ি, আর আজ ছুটছে দ্রুতগতির ট্রেন। একসময় মানুষের বার্তা পৌঁছত চিঠির মাধ্যমে, আর এখন সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে বার্তা আদানপ্রদান সম্ভব হচ্ছে। এই পরিবর্তনের ধারাই ভারতের অগ্রযাত্রার পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, দেশের প্রথম প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান হিসেবে খড়গপুর আইআইটি পরিবর্তনের প্রতিটি যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিশেষ উপলক্ষে প্রতিষ্ঠানের পড়ুয়া, শিক্ষক, কর্মী এবং প্রাক্তনীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

### **স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত মাটিতে আজকের প্রতিষ্ঠান**

বাংলার ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গও তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলা এমন এক ভূমি, যেখানে চিন্তাভাবনা ও নতুন ধারণার বিকাশ ঘটেছে এবং জাতীয় আন্দোলনের নানা অধ্যায় রচিত হয়েছে। খড়গপুর আইআইটি এমন একটি জায়গায় গড়ে উঠেছে, যেখানে একসময় স্বাধীনতা সংগ্রামীদের আটক রাখার শিবির ছিল।

প্রধানমন্ত্রীর কথায়, আজ যেখানে এই শিক্ষাপ্রতিষ্ঠান দাঁড়িয়ে রয়েছে, সেই মাটিতেই একসময় স্বাধীনতা সংগ্রামীদের চিন্তা, আদর্শ এবং সংগ্রামের প্রতিধ্বনি শোনা যেত। যাঁদের ওই আটক শিবিরে বন্দি করে রাখা হয়েছিল, তাঁরা দিনের পর দিন কী নিয়ে আলোচনা করতেন, কী ভাবতেন—সেই কথা কল্পনা করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের জীবন, তাঁদের চিন্তাভাবনা এবং সেই সময়ের কর্মকাণ্ড আজও এই পরিবেশে শক্তিশালী মন্ত্রের মতো অনুরণিত হতে পারে। তাঁদের অদম্য মনোবল ও অসাধারণ সাহসের ইতিহাস বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে।

### **মহাকাশ ও পরমাণু শক্তির কর্মসূচিতেও খড়গপুরের প্রাক্তনীদের অবদান**

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্বাধীনতার পরবর্তী ভারতের প্রয়োজনের কথাও স্মরণ করেন। তিনি বলেন, খড়গপুর আইআইটির যাত্রা শুরু হয়েছিল এমন এক সময়ে, যখন দেশ সদ্য স্বাধীন হয়েছে। তখনও ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সেই সময় দেশের শিল্পক্ষেত্র ও পরিকাঠামো গড়ে তোলার জন্য দক্ষ প্রকৌশলীর প্রয়োজন ছিল। দেশের বৈজ্ঞানিক সক্ষমতা যত বেড়েছে, ততই খড়গপুর আইআইটির প্রাক্তনীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতের মহাকাশ কর্মসূচি এবং পরমাণু শক্তির কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের স্নাতকদের অবদান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তাঁর বক্তব্যে উঠে আসে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু তার নিজস্ব অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দেশের বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প এবং সামগ্রিক অগ্রগতির সঙ্গেও সেই সাফল্য জড়িয়ে থাকে।
