---
title: "বক্তব্য রাখতে না দেওয়ায় তুমুল ক্ষোভ! মাইক ছুড়ে মঞ্চে তাণ্ডব কংগ্রেস বিধায়কের"
url: "https://prothomkolkata.com/harish-singh-dhami-viral-video-uttarakhand/"
published: "2026-11-15T05:27:37+00:00"
modified: "2026-11-15T05:27:42+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# বক্তব্য রাখতে না দেওয়ায় তুমুল ক্ষোভ! মাইক ছুড়ে মঞ্চে তাণ্ডব কংগ্রেস বিধায়কের

Harish Singh Dhami Viral Video: মঞ্চে বক্তব্য রাখার সুযোগ না পেয়ে প্রকাশ্য অনুষ্ঠানেই মেজাজ হারালেন কংগ্রেস বিধায়ক হরিশ সিং ধামি। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে মঞ্চের উপরেই সাউন্ড কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। শুধু তাই নয়, রাগের মাথায় মাইক ছুড়ে ফেলার পাশাপাশি কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। উত্তরাখণ্ডের জৌলজিবি মেলায় শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়ো । সেখানে বিধায়ককে মাইক ছুড়ে ফেলতে এবং মঞ্চে উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীদেরও হস্তক্ষেপ করতে হয়।

## মুখ্যমন্ত্রী চলে যেতেই মঞ্চে উঠে ক্ষোভ (Harish Singh Dhami Viral Video)

ঘটনার সূত্রপাত জৌলজিবি মেলায় একটি অনুষ্ঠানের মঞ্চে। মেলার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কংগ্রেস বিধায়ক হরিশ সিং ধামি। শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার পর তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এরপরই মঞ্চে ওঠেন কংগ্রেস বিধায়ক হরিশ সিং ধামি এবং তাঁর অনুগামীরা। অভিযোগ, মেলার সভাপতি হওয়া সত্ত্বেও তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। এমনকি মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন বিধায়ক। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে 'ভীতু' বলেও কটাক্ষ করেন। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে ধারচুলা কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ জানান।

https://twitter.com/contentkikamii/status/2121630696733393404?a=AlmJV0rgWIKAep4cvbk&s=19

## মাইক ছুড়ে ফেলে উত্তেজনা, হস্তক্ষেপ পুলিশের (Harish Singh Dhami Viral Video)

বক্তব্য রাখার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে সাউন্ড কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। একপর্যায়ে রাগের মাথায় মাইক ছুড়ে ফেলেন তিনি। সাউন্ড কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে। বিধায়কের সঙ্গে তাঁর অনুগামীরাও প্রতিবাদে যোগ দেন। তাঁদের বিক্ষোভে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়।সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে উত্তেজিত অবস্থায় রয়েছেন হরিশ সিং ধামি। তাঁকে মাইক ছুড়ে ফেলতেও দেখা যায়। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা হস্তক্ষেপ করেন। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

## বিধায়ককে নিশানা বিজেপির (Harish Singh Dhami Viral Video)

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেছে বিজেপি। দলের জেলা মন্ত্রী রঘুবীর সিং প্রকাশ্য মঞ্চে ধামির আচরণের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, কোনও জনসমক্ষে একজন জনপ্রতিনিধির এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।পাশাপাশি হরিশ সিং ধামির বিরুদ্ধে নিজের বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ না করার অভিযোগও তুলেছেন রঘুবীর। তাঁর দাবি, গত পাঁচ বছরে নিজের নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেননি কংগ্রেস বিধায়ক। আগামী নির্বাচনে হারের আশঙ্কা থেকেই তিনি এ ধরনের আচরণ করছেন বলে কটাক্ষ করেন বিজেপি নেতা।

রঘুবীর সিংয়ের আরও অভিযোগ, উত্তরাখণ্ডে বিজেপি পরপর তৃতীয়বার ক্ষমতায় ফিরতে পারে, এই আশঙ্কাতেই অস্বস্তিতে রয়েছেন হরিশ সিং ধামি। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মেলায় বক্তব্য রাখার সুযোগ না পাওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন কংগ্রেস ও বিজেপির মধ্যে নতুন রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে।
