---
title: "‘যুদ্ধ এখনও শেষ হয়নি, ফের হামলা হবে’, হুঙ্কার আল কায়েদার, প্লেন ধ্বংস করাই উদ্দেশ্য ছিল ‘মরতে ভয় না পাওয়া’ ওমানি পাইলট হাম্মামের দাবী"
url: "https://prothomkolkata.com/hammam-al-hamami-al-qaeda-plane-attack/"
published: "2026-10-04T17:02:31+00:00"
modified: "2026-10-04T17:02:33+00:00"
author: "অতিথি লেখক"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ‘যুদ্ধ এখনও শেষ হয়নি, ফের হামলা হবে’, হুঙ্কার আল কায়েদার, প্লেন ধ্বংস করাই উদ্দেশ্য ছিল ‘মরতে ভয় না পাওয়া’ ওমানি পাইলট হাম্মামের দাবী

Hammam Al Hamami Al Qaeda Plane Attack: দুবাই : ‘‘মরতে ভয় পাই না। প্লেন ধ্বংস করতেই চেয়েছিলাম।’’
সৌদির তদন্তকারীদের কাছে কবুল করল ফ্লাইদুবাই কাণ্ডের হোতা, ওমানি পাইলট হামাম আল-হাম্মামি। অন্যদিকে যে জেহাদি দলের সঙ্গে তার গোপন আঁতাত বর্তমানে গোটা বিশ্বের চর্চার বিষয়, সেই আল কায়েদা-ও দিয়ে রেখেছে চরম হুঁশিয়ারি। নিজেদের সাপ্তাহিক পত্রিকায় প্রতিবেদনে তাদের সদর্প ঘোষণা–‘‘যুদ্ধ এখনও শেষ হয়নি। আমেরিকা এবং ইজরায়েলি বিমানের উপর হামলা আরও হবে।’’
আমিরশাহির জেনারেল শনিবারই জানিয়েছিলেন, ওমানি পাইলট জঙ্গি হামলা ঘটাতেই তৎপর ছিলেন। একইদিনে তাঁর নাম-ধামও প্রকাশ্যে আসে। বর্তমানে ঘটনার তদন্ত চালাচ্ছে সৌদি, আমিরশাহি এবং ইজরায়েল। বছর উনত্রিশের হাম্মামির জেরাও চলছে একইসঙ্গে। সৌদি থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে আমিরশাহিতে। সেখানেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন হাম্মামি। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, হাম্মামির বাবা ওমানের নাগরিক। মা সিরিয়ার। তাঁরা দুবাইয়ে দীর্ঘদিন ছিলেন। পরে সিরিয়ায় চলে আসেন। সেখানে থাকাকালীনই কি ইসলামি উগ্রপন্থী মতাদর্শে দীর্ক্ষিত হন হাম্মামি? তদন্ত চলছে। সদুত্তর পেতে নজর রাখা হয়েছে সমাজমাধ্যমের পাতায় (বর্তমানে ডিলিটেড) তাঁর কীর্তিকলাপের উপর। খতিয়ে দেখা হচ্ছে তাঁর ‘ডিলিটেড’ এক্স অ্যাকাউন্টের ৩,০০০-এরও বেশি স্ক্রিনশট। অভাবনীয়ভাবে, ২০২২ সালের জুন মাসের একটি পোস্টে হাম্মামি আরবি ভাষায় লিখেছিলেন, বিমান ওড়াতে তিনি কতটা ভালবাসেন। সেই প্রসঙ্গে নিজের প্রথম যাত্রীবাহী বিমান ওড়ানোর অভিজ্ঞতাও শেয়ার করেছিলেন। অথচ কিছু সময়ের মধ্যেই উলটপুরাণ। চরমপন্থী ভাবাদর্শ এবং সেই সংক্রান্ত লেখালিখিতে ভরে যায় তাঁর সমাজমাধ্যমের দেওয়াল।
এই আবহেই সম্প্রতি সামনে এসেছে আল কায়েদার ইয়েমেন শাখার তরফে প্রকাশিত একটি লেখা। জেহাদি দলটির সাপ্তাহিক পত্রিকা ‘আল-বায়ন’-এ ফ্লাইদুবাই-এর হাইজ্যাক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন লেখা হয়েছে। আর তাতে ভূয়সী প্রশংসা করা হয়েছে ওমানি কো-পাইলটের কর্মকাণ্ডের। সঙ্গে দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারিও। বার্তা দেওয়া হয়েছে ভবিষ‌্যতে এমন হামলা আরও হওয়ারও। লেখাটির নির্যাস, ‘‘যুদ্ধ কিন্তু এখনও শেষ হয়নি। ইহুদি জাতীয়তাবাদী, আমেরিকান এবং সেই সব শক্তি যারা ইসলাম মানে না–তারা এখনও বিমানে চড়ছে, আকাশপথে যাত্রা করছে। এদের উপর যে কোনও সময় আবার হামলা হতে পারে। ঠিক ১১ সেপ্টেম্বর আর ৩০ সেপ্টেম্বরের মাঝামাঝি।’’ প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ‘‘আমেরিকা আর ইহুদি জাতীয়তাবাদীদের শত্রুরা আগের থেকে সংখ্যায় অনেক, অনেক বেড়েছে। কাজেই যে কোনও সময় এদের উপর হামলা হতে পারে। এমন কেউ-ও হামলা চালাতে পারে যে ঈশ্বরে বিশ্বাসই করে না। অথচ তাদের কাজে শেষপর্যন্ত ইসলামেরই স্বার্থরক্ষা হবে।’’

#HammamAlHamamiAlQaedaPlaneAttack #HammamAlHamami #AlQaedaThreat #OmanPilot #FlydubaiAttack #PlaneAttack #CockpitAttack #SmitMachchhar #FlydubaiCoPilot #AviationTerrorism #IsraelFlightAttack
