---
title: "ভারতে GTA 6-এর প্রি-অর্ডার শুরু, দাম ৫,৯৯৯ টাকা থেকে"
url: "https://prothomkolkata.com/gta-6-pre-order-india-price-release-date-features/"
published: "2026-11-18T08:06:19+00:00"
modified: "2026-11-18T08:06:23+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রযুক্তি"]
---

# ভারতে GTA 6-এর প্রি-অর্ডার শুরু, দাম ৫,৯৯৯ টাকা থেকে

GTA 6 Pre Order India: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে প্রি-অর্ডার শুরু হল বহুল প্রতীক্ষিত গেম গ্রান্ড থেফট অটো VI (GTA 6)-এর। রকস্টার গেমসের এই নতুন গেমটি আগামী ১৯ নভেম্বর, ২০২৬-এ প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ X ও S-এ মুক্তি পেতে চলেছে। গেমটির দাম, বিশেষ সংস্করণ, প্রি-অর্ডার বোনাস এবং নতুন ফিচার ঘিরে ইতিমধ্যেই গেমপ্রেমীদের মধ্যে আগ্রহ বাড়ছে। ভারতে গেমটির স্ট্যান্ডার্ড সংস্করণের দাম ৫,৯৯৯ টাকা। অন্যদিকে, আলটিমেট এডিশন কিনতে খরচ হবে ৭,৪৯৯ টাকা।

## GTA 6-এর প্রি-অর্ডার ও দাম (GTA 6 Pre Order India)

রকস্টার গেমসের তরফে প্লেস্টেশন স্টোর, এক্সবক্স স্টোর এবং নির্বাচিত কিছু অফলাইন দোকানের মাধ্যমে GTA 6-এর প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে গেমটির মুক্তির অপেক্ষায় থাকা খেলোয়াড়দের কাছে এটি বড় খবর। গেমটির দুটি সংস্করণ বাজারে আসছে। স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৫,৯৯৯ টাকা। এই সংস্করণে মূল গেমটি থাকছে। অন্যদিকে, আলটিমেট এডিশনের দাম ৭,৪৯৯ টাকা। এতে মূল গেমের পাশাপাশি আলটিমেট এডিশন আপগ্রেড এবং অতিরিক্ত কিছু কনটেন্ট পাওয়া যাবে। আগের GTA গেমগুলির তুলনায় এবারের দাম কিছুটা বেশি। তবে গেমটির জনপ্রিয়তা এবং দীর্ঘ অপেক্ষার কারণে এই দাম নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

## প্রি-অর্ডার করলে কী কী বোনাস? (GTA 6 Pre Order India)

যাঁরা গেমটি আগেভাগে কিনবেন, তাঁদের জন্য বিশেষ কিছু সুবিধা থাকছে। ২০ নভেম্বরের আগে গেমটি কিনলে এক মাসের GTA+ সাবস্ক্রিপশন পাওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড এবং আলটিমেট, দুই সংস্করণেই প্রি-অর্ডার বোনাস হিসেবে থাকছে ‘বিন্টেজ ভাইস সিটি প্যাক ’। GTA-এর জনপ্রিয় ভাইস সিটি গেমের আবহ থেকে অনুপ্রাণিত এই প্যাকটি গেমপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে। আলটিমেট এডিশন কিনলে মূল গেমের পাশাপাশি আলটিমেট এডিশন আপগ্রেডের মাধ্যমে আরও কিছু অতিরিক্ত কনটেন্ট পাওয়া যাবে। ফলে যাঁরা বাড়তি সুবিধা এবং গেমের বিশেষ কনটেন্ট চান, তাঁদের জন্য এই সংস্করণটি বেশি আকর্ষণীয় হতে পারে।

## ১৯ নভেম্বর মুক্তি, পিসি-র জন্য অপেক্ষা (GTA 6 Pre Order India)

১৯ নভেম্বর, ২০২৬-এ বিশ্বজুড়ে মুক্তি পাবে GTA 6। প্রথম থেকেই প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ X ও S-এ গেমটি খেলা যাবে। তবে পিসি ব্যবহারকারীদের জন্য এখনও কোনও নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা করেনি রকস্টার। সংস্থার আগের গেমগুলির মুক্তির ধারা দেখে পরবর্তীতে পিসি সংস্করণ আসার সম্ভাবনা থাকলেও, কবে তা বাজারে আসবে, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য নেই। ডিজিটাল সংস্করণ কিনলে প্লেস্টেশন স্টোর বা মাইক্রোসফট স্টোর থেকে গেমটি ডাউনলোড করা যাবে। পাশাপাশি নির্বাচিত দোকান থেকে ফিজিক্যাল প্যাকেজও কেনা যাবে। তবে এবার প্যাকেজের ভিতরে সাধারণ গেম ডিস্কের বদলে ডাউনলোড কোড থাকার কথা। সেই কোড ব্যবহার করে অনলাইনে গেমটি ডাউনলোড করতে হবে।

## GTA 6-এ কী কী নতুন ফিচার? (GTA 6 Pre Order India)

GTA 6-এর গল্পের অন্যতম আকর্ষণ লুসিয়া। আধুনিক 3D GTA গেমে প্রথম মহিলা প্রধান চরিত্র হিসেবে লুসিয়াকে দেখা যাবে। তাঁর পাশাপাশি জেসনও গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র। দু’জনকে কেন্দ্র করেই এগোবে গেমের কাহিনি। গেমের প্রেক্ষাপট লিওনিডা। এটি ফ্লোরিডার আদলে তৈরি একটি বিশাল উন্মুক্ত জগৎ। আগের GTA 5-এর তুলনায় এই জগৎ আরও বড়, বিস্তারিত এবং বাস্তবসম্মত বলে দাবি করা হচ্ছে। উন্নত আলো, আবহাওয়ার পরিবর্তন, বাস্তবসম্মত প্রতিফলন, শহরের পরিবেশ এবং চরিত্রের চলাফেরায় নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এছাড়াও গাড়ি চালানোর অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করতে উন্নত ড্রাইভিং ফিজিক্স, চরিত্রের পোশাক ও অন্যান্য বিষয় কাস্টমাইজ করার সুবিধা, বেশি ইন্টারঅ্যাকশন, নতুন সাইড মিশন এবং পুলিশ ধাওয়ার অভিজ্ঞতায় পরিবর্তন আনা হয়েছে। গেমের NPC অর্থাৎ সাধারণ চরিত্রগুলিও আরও বুদ্ধিমান হবে। অপরাধ, যানজট, আবহাওয়া এবং খেলোয়াড়ের বিভিন্ন কাজের ভিত্তিতে তাদের প্রতিক্রিয়া বদলাতে পারে।অনলাইন মোড নিয়েও প্রত্যাশা রয়েছে। যদিও রকস্টার এখনও বিস্তারিত জানায়নি, তবে আরও বড় এবং গতিশীল মাল্টিপ্লেয়ার জগৎ আসতে পারে বলে মনে করা হচ্ছে।

## GTA 6 ঘিরে এত উন্মাদনা কেন? (GTA 6 Pre Order India)

GTA 6 তৈরি করতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছে রকস্টার। দীর্ঘ অপেক্ষা, একাধিকবার মুক্তির সময়সূচি নিয়ে আলোচনা এবং ২০২২ সালের বড় ডেটা ফাঁসের ঘটনাও গেমটিকে খবরের শিরোনামে রেখেছে। তার উপর GTA 5-এর বিশ্বজুড়ে ২৩ কোটিরও বেশি কপি বিক্রি হওয়ার সাফল্য নতুন গেমটিকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়েছে। মুক্তির আগে ভুয়ো বিটা টেস্ট, বিনামূল্যে গেম খেলার সুযোগ এবং সন্দেহজনক ডাউনলোড লিঙ্কের মাধ্যমে প্রতারণার চেষ্টা হতে পারে বলেও সতর্ক করা হচ্ছে। তাই প্রি-অর্ডার বা গেম সংক্রান্ত কোনও অফার নেওয়ার আগে রকস্টারের অফিসিয়াল চ্যানেল যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে নতুন চরিত্র, বড় ওপেন ওয়ার্ল্ড, উন্নত গ্রাফিক্স এবং একাধিক নতুন গেমপ্লে ফিচারের কারণে GTA 6-এর মুক্তি গেমিং দুনিয়ার অন্যতম বড় ঘটনা হতে চলেছে।
