---
title: "নাগরিক পরিষেবায় দেরি হলেই প্রশ্নের মুখে আধিকারিক, কড়া বার্তা মুখ্যসচিবের"
url: "https://prothomkolkata.com/government-officials-accountability-15-day-rule/"
published: "2026-11-13T05:23:21+00:00"
modified: "2026-11-13T05:23:26+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# নাগরিক পরিষেবায় দেরি হলেই প্রশ্নের মুখে আধিকারিক, কড়া বার্তা মুখ্যসচিবের

Government Officials Accountability: সরকারি দপ্তরে কোনও নাগরিক পরিষেবা, অনুমোদন বা শংসাপত্রের জন্য আবেদন করার পর অযথা দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে—এমন অভিযোগ নতুন নয়। সাধারণ মানুষের এই ভোগান্তি কমাতেই কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনও সরকারি কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জবাবদিহি করতে হবে। বিশেষ করে, কোনও কাজ ১৫ দিনের মধ্যে সম্পন্ন না হলে সংশ্লিষ্ট আধিকারিককে কারণ দর্শানোর নোটিস দিতে হবে। সেই নোটিসের উত্তরে তিনি যথাযথ কারণ দেখাতে পেরেছেন কি না, তাও খতিয়ে দেখতে হবে।

### **কোন কোন ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে?**

সরকারি নির্দেশিকার আওতায় বিভিন্ন নাগরিক পরিষেবা এবং প্রশাসনিক কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি অনুমোদন, বিভিন্ন ধরনের শংসাপত্র প্রদান, সংসদপত্র সংক্রান্ত কাজ এবং বিভিন্ন লাইসেন্স মঞ্জুর করার মতো পরিষেবা। অর্থাৎ, সাধারণ মানুষকে সরকারি দপ্তরের মাধ্যমে যে সমস্ত পরিষেবা দেওয়া হয়, সেগুলি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। কোনও আবেদন অকারণে আটকে রাখা হলে বা নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে তার কারণ জানতে চাওয়া হবে।

### **এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কী?**

রাজ্য সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমানো এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা। কোনও নাগরিককে প্রয়োজনীয় শংসাপত্র, অনুমোদন বা লাইসেন্স পাওয়ার জন্য দিনের পর দিন সরকারি দপ্তরের দরজায় অপেক্ষা করতে না হয়, তা নিশ্চিত করতে চাইছে প্রশাসন। একই সঙ্গে সরকারি কর্মীদের কাজের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বাড়ানোও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা না দিলে সংশ্লিষ্ট আধিকারিককে কারণ দর্শাতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রযোজ্য বিধি মেনে ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ, নাগরিক পরিষেবা প্রদানে আর অকারণ বিলম্ব নয়—এই বার্তাই স্পষ্ট করতে চাইছে রাজ্য প্রশাসন।
