---
title: "‘দেশবাসী আমার কথা শুনেছেন, তাই কমেছে সোনার দাম’, দাবি মোদির"
url: "https://prothomkolkata.com/gold-price-modi-claim-fall-due-public-response/"
published: "2026-11-22T06:14:43+00:00"
modified: "2026-11-22T06:14:44+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত","ব্যবসা-বাণিজ্য"]
---

# ‘দেশবাসী আমার কথা শুনেছেন, তাই কমেছে সোনার দাম’, দাবি মোদির

Gold Price in India: [সোনার](https://prothomkolkata.com/tag/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3/) দোকানে গেলেই একসময় চড়া দাম শুনে পিছিয়ে আসতে হচ্ছিল ক্রেতাদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গত কয়েক মাসে আকাশছোঁয়া হয়েছিল হলুদ ধাতুর দাম। তবে বর্তমানে ছবিটা অনেকটাই বদলেছে। গত এক বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সোনার দাম। আর এই দরপতনের পিছনে দেশবাসীর ভূমিকাকেই বড় করে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, ছ’মাস আগে তাঁর অনুরোধ মেনে সাধারণ মানুষ সোনা কেনা কমিয়েছেন। আর সেই কারণেই দেশের বাজারে সোনার চাহিদা কমেছে। যার প্রভাব পড়েছে দামের উপর। শনিবার লখনউয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেন প্রধানমন্ত্রী।

## সোনা না কেনার আবেদন মোদির (Gold Price on Buying)

প্রসঙ্গত, প্রায় ছ’মাস আগে দেশবাসীর কাছে সোনা কেনা কমানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী [নরেন্দ্র মোদি](https://prothomkolkata.com/meenakshi-mukherjee-modi-birthday-remark/)। তাঁর পরামর্শ ছিল, একান্ত প্রয়োজন না হলে অন্তত এক বছর সোনা কেনা থেকে বিরত থাকুন সাধারণ মানুষ। সেই সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দ্রুত বাড়ছিল। পাশাপাশি দেশের অর্থনীতিতেও নানা চাপ তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে বিদেশ থেকে সোনা আমদানির পরিমাণ কমানোর লক্ষ্যেই সাধারণ মানুষের কাছে এই আবেদন জানিয়েছিলেন তিনি।

শনিবার লখনউয়ের অনুষ্ঠানে মোদি দাবি করেন, তাঁর সেই আবেদন সাধারণ মানুষ গুরুত্ব দিয়ে শুনেছেন। অনেকেই সোনা কেনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথায়, তাঁর পরামর্শ মেনে চলার ফলে বহু মানুষের টাকা সাশ্রয় হয়েছে। অনেকে তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, প্রয়োজন না থাকায় সোনা না কিনে তাঁরা আর্থিকভাবে লাভবান হয়েছেন।

## শাস্ত্রীর উদাহরণ টানলেন প্রধানমন্ত্রী (Gold Price Narendra Modi)

নিজের বক্তব্যের সমর্থনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গও তুলে ধরেন নরেন্দ্র মোদি। ১৯৬৫ সালে দেশে খাদ্যসংকট দেখা দিয়েছিল। সেই সময় দেশবাসীকে সপ্তাহে এক দিন বা এক বেলা খাবার না খাওয়ার আবেদন জানিয়েছিলেন শাস্ত্রী। দেশের স্বার্থে তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছিলেন সাধারণ মানুষ।

সেই ঘটনার সঙ্গে নিজের আবেদনের তুলনা টেনে মোদি বলেন, শাস্ত্রীজি যখন দেশবাসীর কাছে খাবার কমানোর আবেদন জানিয়েছিলেন, তখন মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আজও দেশের মানুষ একইভাবে তাঁর কথা শুনেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, দেশের মানুষের এই মানসিকতা এখনও একই রকম রয়েছে। তিনি নিজেকে সাধারণ মানুষ বলে উল্লেখ করে বলেন, তাঁর কথাতেও দেশবাসী আস্থা রেখেছেন। তাতেই তিনি খুশি।

## এক বছরে সর্বনিম্ন সোনার দাম (Gold Price Rate Today)

এদিকে বর্তমানে দেশের বাজারে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে। রবিবার সকালের হিসাব অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১ হাজার ৮৪০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১২ হাজার ৩৯০ টাকা। শুধু সোনা নয়, কমেছে রুপোর দামও। বর্তমানে এক কেজি রুপোর দাম ১ লক্ষ ৫২ হাজার ৯৫৬ টাকা। চলতি বছরের জানুয়ারি মাস থেকে হিসাব করলে সোনার দাম কমেছে ৫৩ হাজার টাকারও বেশি। শতাংশের হিসাবে এই পতন প্রায় ২৯ শতাংশ।

## বিশ্ববাজারের প্রভাবও গুরুত্বপূর্ণ (Global Gold Price)

তবে সোনার দাম কমার পিছনে শুধু দেশের বাজারে চাহিদা কমে যাওয়াই একমাত্র কারণ নয়। গত কয়েক মাসে আন্তর্জাতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা আগের তুলনায় কমেছে। পাশাপাশি মার্কিন অর্থনীতি-সহ বিশ্ব অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা লেগেছে। তার প্রভাবও পড়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দামে।

প্রধানমন্ত্রী অবশ্য দেশের সাধারণ মানুষের সোনা কেনা কমানোর সিদ্ধান্তকেও এই দরপতনের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, দেশবাসীর সম্মিলিত সিদ্ধান্তে যেমন সোনার চাহিদা কমেছে, তেমনই অনেকের ব্যক্তিগত সঞ্চয়ও রক্ষা পেয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং চাহিদা—দুইয়ের প্রভাবেই আগামী দিনে সোনার দামের গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর ক্রেতা ও ব্যবসায়ীদের।
