---
title: "হলমার্কের আড়ালেও কি থাকছে ভেজাল সোনা? কী উঠে এল রিপোর্টে?"
url: "https://prothomkolkata.com/gold-hallmark-purity-cag-report/"
published: "2026-11-21T09:32:39+00:00"
modified: "2026-11-21T16:41:19+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ব্যবসা-বাণিজ্য"]
---

# হলমার্কের আড়ালেও কি থাকছে ভেজাল সোনা? কী উঠে এল রিপোর্টে?

Gold Hallmark: গয়নার দোকানে সোনা কিনতে গিয়ে প্রথমেই [হলমার্ক](https://prothomkolkata.com/akshay-tritiya-is-buying-gold-take-care-of-these-things-or-you-will-be-lost/) খুঁজছেন ক্রেতারা। সোনার বিশুদ্ধতা যাচাইয়ের অন্যতম ভরসা এই সরকারি স্বীকৃতিচিহ্ন। বিয়ের মরসুমে নতুন গয়না কেনার আগে হলমার্ক দেখেই নিশ্চিন্ত হচ্ছেন অনেকে। কিন্তু সেই নিশ্চয়তাই কি এবার প্রশ্নের মুখে? হলমার্ক থাকা সত্ত্বেও সোনার গয়নায় ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি সিএজি-র একটি খসড়া রিপোর্টে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)-এর নজরদারিতে বড়সড় গাফিলতির কথা প্রকাশ্যে এসেছে। পাশাপাশি, ‘দৈনিক ভাস্কর’-এর একটি তদন্তমূলক প্রতিবেদনেও সোনায় বিশেষ ধাতু মেশানোর চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

## হলমার্ক থাকা সত্ত্বেও থাকছে ভেজালের আশঙ্কা (BIS Gold Hallmarking Purity)

[সোনার](https://prothomkolkata.com/tag/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3/) বিশুদ্ধতা নিশ্চিত করতে গয়নার ক্ষেত্রে হলমার্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। হলমার্কের মধ্যে থাকে তিনটি চিহ্ন। এর সঙ্গে ছয় সংখ্যার এইচইউআইডি বা হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর এবং বিশুদ্ধতার নম্বরও থাকে। বিআইএস অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে সোনার বিশুদ্ধতা যাচাইয়ের পর গয়নায় এই চিহ্ন বসানো হয়। নিয়ম অনুযায়ী, প্রতি বছর অন্তত একবার নথিভুক্ত গয়নার দোকান পরিদর্শন ও অডিট করার কথা বিআইএসের।

কিন্তু সিএজি-র খসড়া রিপোর্টে দেখা গেছে , ২০২০-২১ থেকে পরবর্তী পাঁচ অর্থবর্ষে নথিভুক্ত প্রায় ২.৩ লক্ষ দোকানের ৮৩.২৫ শতাংশের কোনও অডিট করেনি বিআইএস। ২০২৪-২৫ অর্থবর্ষে ২৮ হাজার ৮৬৫টি লাইসেন্সপ্রাপ্ত দোকানের মধ্যে মাত্র ৫ হাজার ৪৪৪টি পরিদর্শন করা হয়েছে। অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারগুলির ৪৩.৭ শতাংশেরও অডিট হয়নি।

## নজরদারিতেও বড় ঘাটতির অভিযোগ (Gold Hallmark Audit)

বিআইএসের চারটি আঞ্চলিক দফতরে ৫ হাজার ২০টি আকস্মিক পরিদর্শনের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে হয়েছে মাত্র ২ হাজার ৮২৬টি। নিয়মভঙ্গকারী ব্যবসায়ী ও পরীক্ষাগারগুলির বিরুদ্ধে কত জরিমানা করা হয়েছে, কত টাকার ভেজাল সোনা বাজেয়াপ্ত হয়েছে, তারও যথাযথ তথ্য দিতে পারেনি সংস্থাটি। কর্মীর অভাব এবং দূরবর্তী এলাকায় নমুনা সংগ্রহের অসুবিধাকে কারণ হিসাবে দেখিয়েছে বিআইএস। তবে সেই যুক্তি মানতে চায়নি সিএজি। চলতি বছরের জুলাইয়ে খসড়া রিপোর্টটি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।

## সোনায় চিনা ধাতু মেশানোর অভিযোগ (Gold Hallmark Adulteration)

অন্যদিকে, ‘দৈনিক ভাস্কর’-এর তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চিন থেকে আমদানি করা রিনিয়াম গুঁড়ো সোনার সঙ্গে মেশানো হচ্ছে। ২৪ ক্যারাটের ৭.৮৩০ গ্রাম সোনায় এক গ্রাম রিনিয়াম মিশিয়ে পরীক্ষা চালিয়ে সংবাদমাধ্যমটির দাবি, বিশুদ্ধতা যাচাইয়ের যন্ত্রেও ধরা পড়েনি ভেজাল। রাজস্থানের জোধপুরের এক স্বর্ণকারের সাহায্যে এই পরীক্ষা করা হয়। ২২ ক্যারাট সোনাতেও একই ধরনের পরীক্ষা চালানো হয়েছিল বলে জানিয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, চিনের শেনঝেন এলাকার এক এজেন্ট ২৫ শতাংশ পর্যন্ত রিনিয়াম মেশানোর কথা জানিয়েছেন। মুম্বইয়ের এক এজেন্টের কাছ থেকে ৫ হাজার টাকায় এক গ্রাম রিনিয়াম কিনে পরীক্ষা চালায় সংবাদমাধ্যমটি। পাশাপাশি রুথেনিয়াম, ইরিডিয়াম ও অসমিয়ামের মতো ধাতু মেশানোর অভিযোগও সামনে এসেছে।

দেশে প্রতিদিন গড়ে ২ হাজার থেকে ২ হাজার ২০০ কেজি সোনা বিক্রি হয়। ফলে এই অভিযোগ ঘিরে ক্রেতাদের উদ্বেগ বাড়ছে। হলমার্কের উপর ভরসা করেও যদি বিশুদ্ধতা নিশ্চিত না হয়, তবে সোনার বাজারে নজরদারির ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
