---
title: "মেয়াদ শেষের মুখে গঙ্গার জলবণ্টন চুক্তি, ঢাকায় বৈঠকে যাচ্ছেন ভারতের প্রতিনিধিরা"
url: "https://prothomkolkata.com/ganga-water-treaty-india-bangladesh-renewal/"
published: "2026-11-19T11:31:12+00:00"
modified: "2026-11-21T12:25:54+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# মেয়াদ শেষের মুখে গঙ্গার জলবণ্টন চুক্তি, ঢাকায় বৈঠকে যাচ্ছেন ভারতের প্রতিনিধিরা

Ganga Water Treaty: ৩০ বছরের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে আর এক মাসও বাকি নেই। আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ। অথচ এখনও পর্যন্ত চুক্তি নবীকরণ নিয়ে দুই দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় যাচ্ছে ভারতের চার সদস্যের প্রতিনিধি দল। তবে এই সফরে চুক্তি নবীকরণের বিষয়টি আলোচনা মধ্যে থাকছে না বলেই সরকারি সূত্রে খবর।

## কী কারণে ঢাকায় যাচ্ছে ভারতের প্রতিনিধি দল? (Ganga Water Treaty India Bangladesh Joint Committee)

জলশক্তি মন্ত্রকের চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের রাজধানী ঢাকায় যৌথ কমিটির ৯১তম বৈঠকে যোগ দেবে। গঙ্গার জলবণ্টন এবং চুক্তির শর্ত কার্যকর করার বিষয়টি নজরদারির জন্য ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে এই যৌথ কমিটি তৈরি হয়েছিল। দুই দেশের মধ্যে পালা করে বছরে তিনবার এই বৈঠক হওয়ার কথা। গত ২২ মে কলকাতায় হয়েছিল যৌথ কমিটির শেষ বৈঠক।

ভারতীয় সরকারি সূত্রের দাবি, এবারের বৈঠকে মূলত যৌথ কমিটির বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করা হবে। চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, সংগৃহীত সমস্ত তথ্য নিয়ে দুই দেশের সরকারের কাছে বার্ষিক রিপোর্ট জমা দিতে হয় কমিটিকে।

## নবীকরণ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি (Ganga Water Treaty Renewal)

চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় এগিয়ে এলেও তা নবীকরণ করা হবে কি না, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ভারতীয় সরকারি সূত্র জানিয়েছে, নতুন করে চুক্তির শর্ত নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়নি। চুক্তি বাড়ানো হবে কি না, তা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এদিকে বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী আনি আগের সেপ্টেম্বর মাসে ThePrint-কে দেওয়া সাক্ষাৎকারে চুক্তি নবীকরণের ক্ষেত্রে ১৯৭৭ সালের 'গ্যারান্টি ক্লজ' ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন। এই শর্ত অনুযায়ী, শুষ্ক মরশুমে নদীতে জলের প্রবাহ কমে গেলেও ভাটির দেশ বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার নিশ্চয়তা থাকে।

## চুক্তি নিয়ে আপত্তি ভারতের একাধিক রাজ্যের (Ganga Water Treaty Sharing)

অন্যদিকে, ভারতে এই চুক্তি নবীকরণ নিয়ে আপত্তি রয়েছে একাধিক রাজ্যের। বিশেষ করে বিহারের তরফে ইতিমধ্যেই বিরোধিতা সামনে এসেছে। জনতা দল ইউনাইটেডের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় কুমার ঝা চলতি বছর চুক্তি বাতিলের দাবি তুলেছিলেন। ফলে চুক্তির ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের সামনে রাজনৈতিক চাপও রয়েছে। উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজে গঙ্গার জল দুই দেশের মধ্যে ভাগ করা হয়। ১০ দিন অন্তর জলের পরিমাণ নির্ধারণ করা হয়। নদীতে জলের প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান জল পায়। প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক। বাকি জল পায় ভারত। প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক। বাকি জল বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে। তবে ফারাক্কায় জলের প্রবাহ কোনও ১০ দিনের পর্বে ৫০ হাজার কিউসেকের নীচে নেমে গেলে কীভাবে জল ভাগ হবে, তার নির্দিষ্ট কোনও নিয়ম নেই। সে ক্ষেত্রে দুই দেশকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হয়। চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, চুক্তি কার্যকর করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনা সংক্রান্ত সমস্যার সমাধানের দায়িত্বও যৌথ কমিটির। সেখানে সমাধান না হলে বিষয়টি ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে পাঠানো হয়। ১৯৭২ সালে এই কমিশন তৈরি হয়েছিল।
