---
title: "শুধু সেনা নয়, নিশানায় পড়তে পারেন সাধারণ নাগরিকও! ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে উদ্বেগ CDS-এর"
url: "https://prothomkolkata.com/future-warfare-ai-drones-india-cds-warning/"
published: "2026-11-16T08:13:32+00:00"
modified: "2026-11-16T08:13:37+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# শুধু সেনা নয়, নিশানায় পড়তে পারেন সাধারণ নাগরিকও! ভবিষ্যৎ যুদ্ধ নিয়ে উদ্বেগ CDS-এর

Future Warfare AI Drones: আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া গোয়েন্দা তথ্য এবং বিপুল সংখ্যায় তৈরি ড্রোন যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ তৈরি করছে। আগামী দিনে যুদ্ধ শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না। দেশের শিল্পক্ষেত্র, বিদ্যুৎকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, তথ্যভাণ্ডার থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও হামলার ঝুঁকিতে থাকবেন। অর্থাৎ, যুদ্ধের বিস্তৃত পরিসরে কেউই আর নিরাপদ নন। সোমবার নয়াদিল্লিতে ANI ন্যাশনাল সিকিউরিটি সামিটি ৩.০-তে এমনই সতর্কবার্তা দিলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি। 'প্রিপারিং ইন্ডিয়াস আরামড ফোর্সস & ফিউচার ওয়ার্স ' শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, যুদ্ধের অর্থনীতিতে পরিবর্তন। দ্বিতীয়ত, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রের ক্রমশ বিস্তৃতি। তাঁর মতে, এই তিনটি বিষয় আগামী দিনের সামরিক সংঘাতের চরিত্র নির্ধারণ করবে।

## সস্তা ড্রোনেই বিপাকে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা (Future Warfare AI Drones)

যুদ্ধের খরচ এবং অস্ত্রের ব্যবহারের ধরন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন CDS। তাঁর কথায়, বর্তমানে তুলনামূলক কম খরচে তৈরি ড্রোন এবং অন্যান্য অস্ত্র দিয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলা সম্ভব। ফলে যুদ্ধের অর্থনীতি বদলে যাচ্ছে।উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, একটি ১০ লক্ষ ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে যদি ২,৫০০ থেকে ৩,০০০ ডলারের একটি ড্রোন ধ্বংস করতে হয়, তাহলে প্রতিরক্ষাকারী দেশের আর্থিক ক্ষতি অনেক বেশি হবে। এই পরিস্থিতিতে শুধু দামি এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করলেই চলবে না। পাশাপাশি কম খরচে বিপুল সংখ্যায় অস্ত্র ও ড্রোন তৈরির ক্ষমতাও থাকতে হবে। এ প্রসঙ্গে আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, আমেরিকা দ্রুত হারে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। কিন্তু ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আবার পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। তাই প্রতিরক্ষা ক্ষেত্রে দ্রুত উৎপাদন এবং কম খরচে অস্ত্র তৈরির ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

## AI, তথ্য ও খনিজ সম্পদের দখল নিয়ে লড়াই (Future Warfare AI Drones)

ভবিষ্যতের যুদ্ধে প্রযুক্তির গুরুত্ব আরও বাড়বে বলে মনে করেন জেনারেল রাজা সুব্রহ্মণি। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এখন দেশগুলির অর্থনৈতিক ও সামরিক শক্তির অন্যতম ভিত্তি। এই প্রযুক্তিগত প্রতিযোগিতায় আমেরিকা ও চিন বর্তমানে এগিয়ে রয়েছে। তবে অন্য দেশগুলিও দ্রুত এই ব্যবধান কমানোর চেষ্টা করছে। তাঁর বক্তব্য, যে দেশ অর্থনৈতিক এবং সামরিকভাবে শক্তিশালী হতে চায়, তাকে প্রয়োজনীয় প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

## যুদ্ধক্ষেত্রের পরিসর বাড়ছে, নিরাপদ নয় সাধারণ নাগরিকও (Future Warfare AI Drones)

আগে যুদ্ধের ময়দান বলতে মূলত সীমান্ত বা সামরিক ঘাঁটিকে বোঝানো হত। কিন্তু বর্তমানে সেই ধারণা বদলে গিয়েছে। জেনারেল রাজা সুব্রহ্মণির কথায়, এখন আর যুদ্ধের সামনের সারি এবং পিছনের সারির মধ্যে স্পষ্ট কোনও বিভাজন নেই। দেশের যে কোনও অংশই যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। শিল্পক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, তথ্যভাণ্ডার এবং সাধারণ নাগরিকদেরও হামলার লক্ষ্য করা হতে পারে। কারণ আধুনিক অস্ত্রের পাল্লা অনেক বেড়েছে। একইসঙ্গে কম খরচে তৈরি অস্ত্রও এখন বড় ক্ষতি করতে সক্ষম। তিনি সতর্ক করে বলেন, যে নেটওয়ার্কের উপর নির্ভর করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চলে, সেগুলিও আগামী দিনে হামলার লক্ষ্য হতে পারে। বিদ্যুৎ সরবরাহ, তথ্য আদানপ্রদান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা যুদ্ধের সময় বিপদের মুখে পড়তে পারে।

## রাশিয়া-ইউক্রেন ও আমেরিকা-ইরান সংঘাত থেকে শিক্ষা (Future Warfare AI Drones)

চলতি বিশ্বের বিভিন্ন সংঘাতের উদাহরণ টেনে ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি নিয়েও বক্তব্য রাখেন CDS। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আমেরিকা-ইজরায়েল-ইরান সংঘাত থেকে পাওয়া অভিজ্ঞতার কথা উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আগামী দিনের যুদ্ধের জন্য পাঁচটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে বিপুল সংখ্যায় অস্ত্র উৎপাদন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া, শক্তিশালী শিল্প পরিকাঠামো, পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা। তিনি বলেন, শুধু অত্যাধুনিক অস্ত্র থাকলেই হবে না। তার পাশাপাশি বিপুল সংখ্যায় ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করতে হবে। শত্রুপক্ষের কৌশল বদলালে দ্রুত তার মোকাবিলা করার ব্যবস্থাও রাখতে হবে। প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেই ইঞ্জিনিয়ারদের উপস্থিত থেকে নতুন প্রযুক্তি ও সমাধান তৈরি করতে হবে।

## দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতির বার্তা (Future Warfare AI Drones)

ভবিষ্যতের যুদ্ধ কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমন ধারণা থেকে দেশগুলিকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর কথায়, যুদ্ধ কতদিন চলবে, তা কোনও একটি দেশ একা ঠিক করতে পারে না। প্রতিপক্ষের সিদ্ধান্তও এখানে গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি কাঁচামাল ও অস্ত্র তৈরির সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এই প্রসঙ্গেই আত্মনির্ভরতার উপর বিশেষ জোর দেন তিনি।

## স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তির বাড়তি গুরুত্ব (Future Warfare AI Drones)

আধুনিক যুদ্ধে মহাকাশ প্রযুক্তির ভূমিকার কথাও তুলে ধরেন CDS। তাঁর দাবি, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং AI-এর সাহায্যে শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করে নির্ভুল হামলা চালানো সম্ভব হচ্ছে।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি আমেরিকা-ইরান সংঘাতেও এর গুরুত্ব দেখা গিয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, মহাকাশ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আমেরিকা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পেরেছে।

অন্যদিকে, চিনের সাহায্যে ইরান স্যাটেলাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য পাচ্ছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। সেই তথ্যের সাহায্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করার সক্ষমতা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হুথিদের ক্ষেত্রেও এমন সহায়তা রয়েছে কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিত নন বলে জানান CDS। সব মিলিয়ে, ভবিষ্যতের যুদ্ধের জন্য শুধু শক্তিশালী সেনাবাহিনী নয়, প্রযুক্তি, শিল্প উৎপাদন, মহাকাশ গবেষণা এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার উপরও সমান গুরুত্ব দিতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা প্রধান।
