---
title: "ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পূর্ব সিকিম, আটকে পড়েছে প্রায় ৯০০ পর্যটক"
url: "https://prothomkolkata.com/east-sikkim-heavy-snowfall-tourist-rescued-army/"
published: "2026-11-14T05:33:34+00:00"
modified: "2026-11-14T05:33:38+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পূর্ব সিকিম, আটকে পড়েছে প্রায় ৯০০ পর্যটক

East Sikkim Heavy Snowfall: পূর্ব সিকিমে প্রবল তুষারপাতের জেরে বিপাকে পড়লেন প্রায় হাজার পর্যটক। বৃহস্পতিবার সকাল থেকে নাথু-লা, ছাঙ্গু হ্রদ-সহ একাধিক উঁচু এলাকায় শুরু হয় ভারী তুষারপাত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। বরফের পুরু আস্তরণে ঢেকে যায় রাস্তা। তার জেরে তিনশোরও বেশি গাড়ি আটকে পড়ে। বিপদ বাড়ায় উদ্ধারকাজে নামে ভারতীয় সেনা। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা বিশেষ অভিযান চালিয়ে ৯০০-রও বেশি মানুষকে উদ্ধার করেন। তাঁদের নিরাপদে গ্যাংটকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

## কোথায় কোথায় আটকে পড়েন পর্যটকরা? (East Sikkim Heavy Snowfall)

সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব সিকিমের নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় তুষারপাত শুরু হয়। এই জায়গাগুলিতে প্রতিদিনই বহু পর্যটক ভিড় করেন। তুষারপাতের খবর ছড়িয়ে পড়তেই পর্যটকের সংখ্যা আরও বাড়তে থাকে। কিন্তু দুপুরের পর থেকে তুষারপাতের তীব্রতা বাড়ে। দ্রুত বরফের চাদরে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা।শেরথাং চেকপোস্ট এবং পুলিশ স্টেশনের কাছাকাছি জওহরলাল নেহরু রোডের ১৫ মাইল ও ১৩ মাইলের মধ্যবর্তী থুলা খোলা এলাকায় প্রায় এক ফুট বরফ জমে যায়। রাস্তার উপর পুরু বরফের আস্তরণ তৈরি হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি আরও বিপজ্জনক করে তোলে 'ব্ল্যাক আইস'। রাস্তার উপর বরফের পাতলা ও পিচ্ছিল স্তর তৈরি হওয়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ে।

## উদ্ধারকাজে নামে সেনাবাহিনী (East Sikkim Heavy Snowfall)

পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়েন পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা। প্রবল ঠান্ডা ও শীতল হাওয়ার কারণে কয়েকজন পর্যটক অসুস্থও হয়ে পড়েন। এরপরই সিকিম প্রশাসন এবং ভারতীয় সেনাবাহিনীকে খবর দেন গাড়ির চালকরা। খবর পেয়েই বৃহস্পতিবার বিকেলের পর উদ্ধারকাজে নামে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের জওয়ানরা। প্রতিকূল আবহাওয়া এবং ভারী তুষারপাত উপেক্ষা করেই শুরু হয় অভিযান। নাথু-লা, শেরথাং, বাবা ধাম এবং ছাঙ্গু হ্রদ সংলগ্ন এলাকায় চলে উদ্ধারকাজ। রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনশোরও বেশি আটকে পড়া গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে প্রায় ২৫০টি গাড়ি ছিল পর্যটকদের।

## পর্যটকদের জন্য সেনা ছাউনিতে থাকার ব্যবস্থা (East Sikkim Heavy Snowfall)

উদ্ধার হওয়া পর্যটকদের শুধু নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়াই নয়, তাঁদের প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও করেন সেনা জওয়ানরা। প্রবল ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া পর্যটকদের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থাও করা হয়। পাশাপাশি পর্যটকদের জন্য গরম খাবার এবং পানীয়ের ব্যবস্থা করা হয়। এমনকী তাঁদের বিশ্রামের জন্য নিজেদের ব্যারাক ছেড়ে দেন সেনা জওয়ানরা। সেনাবাহিনীর এই উদ্যোগে বিপদের মুখে পড়া পর্যটকরা অনেকটাই স্বস্তি পান।

## আগেও তুষারপাতের জেরে বিপত্তি (East Sikkim Heavy Snowfall)

উল্লেখ্য, পূর্ব সিকিমে ভারী তুষারপাতের কারণে পর্যটকদের আটকে পড়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও প্রবল তুষারপাতের জেরে ওই এলাকায় প্রায় তিন হাজার পর্যটক আটকে পড়েছিলেন। সেবারও ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনে। এবারও দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সেনাবাহিনীর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত পর্যন্ত ৯০০-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাঁদের নিরাপদে গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেনা, পুলিশ এবং সিকিম প্রশাসনের যৌথ তৎপরতায় উদ্ধারকাজ সম্পন্ন হয়।
