---
title: "‘ক্ষমতা নেই, তাই ফোঁটাও নেই!’ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ"
url: "https://prothomkolkata.com/dilip-ghosh-targets-mamata-banerjee-over-bhai-phonta/"
published: "2026-11-11T06:15:28+00:00"
modified: "2026-11-11T06:15:33+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ‘ক্ষমতা নেই, তাই ফোঁটাও নেই!’ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ

Dilip Ghosh Mamata Banerjee Remarks: ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব, ভাইফোঁটায় পুরনো নেতাদের অনুপস্থিতি, সুমিতের স্ত্রীর আদালতের দ্বারস্থ হওয়া এবং আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে ইডির জিজ্ঞাসাবাদ, সব বিষয়েই নিজের মতামত জানান তিনি। পাশাপাশি রাজ্যে বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে একাধিক কর্মসূচির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

## বাবুন বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বদল নিয়ে কী বললেন দিলীপ? (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

বাবুন বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনার প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ বলেন, বাবুনকে নিয়ে আগেও আলোচনা হয়েছে। তিনি দিল্লিতেও গিয়েছিলেন। এখন পরিবর্তনের হাওয়ায় কেউ নিজের অবস্থান বদলাতে চাইলে তাতে আপত্তির কিছু নেই। কেউ যদি উন্নয়নের স্বার্থে নতুন সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান, তা ভালো বিষয়। দিলীপের কথায়, মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়েছেন। নিশ্চয়ই তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত সবাই চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নেবেন।

## ভাইফোঁটায় মমতার পাশে নেই পুরনো ভাইয়েরা? (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিচিত নেতাদের অনুপস্থিতি নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এতদিন অনেকেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে ভাইফোঁটা নিতে যেতেন ক্ষমতার কারণে। এখন সেই ক্ষমতা নেই। তাই তাঁদের উপস্থিতিও দেখা যাচ্ছে না। দিলীপ বলেন, ৩০-৪০ বছর ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নিতেন, তাঁরা এবার যান কি না, তা দেখার বিষয়। তাঁর মতে, অনেকেই ব্যক্তিগত সম্পর্কের টানে নয়, বরং মুখ্যমন্ত্রীর ক্ষমতার কারণেই সেখানে যেতেন।

## অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে নিয়ে কটাক্ষ (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

ভাইফোঁটায় অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের অনুপস্থিতি নিয়েও সরব হন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কালীপুজোতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পরিচিত নেতাদের উপস্থিতি চোখে পড়েনি। আগে ভাইফোঁটার অনুষ্ঠানে অরূপ বিশ্বাসকে বিশেষভাবে দেখা যেত। এবার সেই ছবির পরিবর্তন হয়েছে। দিলীপের দাবি, তৃণমূলের অনেক সম্পর্কই ক্ষমতাকেন্দ্রিক ছিল। সামাজিক সম্পর্কের সঙ্গে রাজনীতি মিশিয়ে দেওয়ার ফলেই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। যাঁরা শুধু ক্ষমতা ভোগ করার জন্য সম্পর্ক তৈরি করেন, ক্ষমতা চলে গেলে তাঁদের পাশে কাউকে পাওয়া যায় না।

## সুমিতের স্ত্রীর আদালতে যাওয়া নিয়ে মন্তব্য (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

এনকাউন্টার আতঙ্কের অভিযোগ তুলে সুমিতের স্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন। স্বামীর নিরাপত্তা এবং প্রাণে বেঁচে থাকার আবেদন জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন, তাঁদের বিচার ব্যবস্থার উপর আগে থেকেই আস্থা রাখা উচিত ছিল। তাঁর অভিযোগ, আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ করার প্রবণতা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন বিষয়টি আদালতের বিচারাধীন। আদালতই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

## বিনিয়োগ টানতে প্রবাসী মেলা, বাংলায় শিল্পের আশা (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিভিন্ন কর্মসূচির উদ্যোগকেও স্বাগত জানান দিলীপ ঘোষ। তিনি জানান, দিল্লিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তাঁর বক্তব্য, উত্তরবঙ্গেও শিল্প সংক্রান্ত সম্মেলন আয়োজনের কথা চলছে। বিদেশে থাকা অনাবাসী ভারতীয়দের বাংলায় এনে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। কেন্দ্রীয় সরকারও বাংলায় শিল্পের প্রসার চায়। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছিল। এখন তাঁরাও রাজ্যে আসতে এবং বিনিয়োগ করতে আগ্রহী হতে পারেন।দিলীপের আশা, এই ধরনের কর্মসূচি বাংলার অর্থনীতি ও শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

## ভাইফোঁটায় নিজের কর্মসূচি জানালেন দিলীপ (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

এ দিন ভাইফোঁটা উপলক্ষে নিজের কর্মসূচির কথাও জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, ইকোপার্কে তাঁর ভাইফোঁটা হয়েছে। বাড়িতেও অনেকে আসবেন। তবে তাঁর মূল কর্মসূচি রয়েছে সিউড়িতে।সেখানে স্বচ্ছ ভারত মিশনের সঙ্গে যুক্ত মহিলারা এবং তাঁর দফতরের কর্মীরা তাঁকে ভাইফোঁটা দেবেন। পাশাপাশি সিউড়ি ও আশপাশের এলাকায় বর্জ্য সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের কাজ দেখতে যাবেন তিনি। সিউড়ি গ্রামের দিকে থাকা একটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) এবং আরও কয়েকটি প্রকল্প পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তাঁর।

## আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে ইডির জিজ্ঞাসাবাদ (Dilip Ghosh Mamata Banerjee Remarks)

আরজি কর মেডিক্যাল কলেজের দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, আগের দিন তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তাঁর আইনজীবী ইডি দফতরে গিয়েছিলেন। তবে এ দিন সন্দীপ ঘোষকে হাজিরা দিতে হবে। দিলীপের বক্তব্য, যে পদক্ষেপ আগে নেওয়া প্রয়োজন ছিল, তা যথেষ্ট দ্রুত নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ এবং নির্যাতিতার পরিবার কেউই সন্তুষ্ট নন। নতুন করে মামলা খোলা হয়েছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলিকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
