---
title: "ডিলিমিটেশন বিলে বিরোধীদের মতভেদ, তবু জোট ভাঙবে না! কী বললেন রাহুল?"
url: "https://prothomkolkata.com/delimitation-bill-rahul-gandhi-india-alliance/"
published: "2026-11-29T05:04:27+00:00"
modified: "2026-11-29T05:04:32+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ডিলিমিটেশন বিলে বিরোধীদের মতভেদ, তবু জোট ভাঙবে না! কী বললেন রাহুল?

Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল ঘিরে বিরোধী শিবিরের অন্দরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিলের বিরোধিতায় একমত হতে পারছে না ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। একদিকে [কংগ্রেস](https://prothomkolkata.com/congress-working-committee-resolution/) বিলটির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের কথা বলছে, অন্যদিকে জোটেরই দুই গুরুত্বপূর্ণ দল ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি শিবির বিলটিকে সমর্থন করেছে। ফলে সংসদে বিল পাস করানোর পথে অনেকটাই এগিয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বিরোধী জোটের ঐক্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সেই জল্পনায় জল ঢাললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর স্পষ্ট বক্তব্য, কোনও দল বিল সমর্থন করলেই ইন্ডিয়া জোটের সমীকরণ বদলে যাবে না।

আগামী সোমবার সংসদে আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই বিলের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে। গত এপ্রিল মাসে বিলটি পাস করাতে পারেনি কেন্দ্র। কিন্তু এবার সংসদে প্রয়োজনীয় সংখ্যার দিক থেকে অনেকটাই স্বস্তিতে রয়েছে শাসক শিবির। এনডিএ-র শরিক দলগুলির পাশাপাশি ইন্ডিয়া জোটের ডিএমকে এবং শরদ পওয়ারের এনসিপি শিবিরের সমর্থনও পেয়েছে সরকার।

## বিলের বিরোধিতায় কংগ্রেসের অবস্থান স্পষ্ট (Delimitation Bill Congress Opposition)

শুক্রবার [সোনিয়া গান্ধীর](https://prothomkolkata.com/sonia-gandhi-reveals-story-of-upa-formation/) বাসভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এবং সংসদীয় নেতাদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় সর্বাত্মক লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তবে সংসদে সংখ্যার বিচারে পিছিয়ে থাকার কারণে কীভাবে বিলটি আটকানো সম্ভব, তা নিয়ে কোনও নির্দিষ্ট কৌশল খুঁজে পায়নি কংগ্রেস নেতৃত্ব।

শনিবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী জানান, এই বিলের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালাবে কংগ্রেস। তাঁর কথায়, লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার অর্থ দেশের গণতন্ত্রকে দুর্বল করে দেওয়া। তাই সর্বশক্তি দিয়ে এই বিলের [বিরোধিতা](https://prothomkolkata.com/pm-modi-brics-summit-speech/) করা হবে। তবে বিল নিয়ে মতপার্থক্য থাকলেও ইন্ডিয়া জোটের ঐক্যে তার কোনও প্রভাব পড়বে না বলে দাবি করেছেন রাহুল। তাঁর বক্তব্য, কোনও শরিক দল বিলকে সমর্থন করলেও জোটের মধ্যে তাদের অবস্থান বদলাবে না।

## টিডিপি এবং ওয়াইএসআর কংগ্রেসকেও বার্তা ( TDP and YSR Congress Delimitation Bill )

আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় এনডিএ-র শরিক চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং ওয়াইএসআর কংগ্রেসকেও পাশে পেতে চাইছে কংগ্রেস। রাহুলের দাবি, এই বিলের সম্ভাব্য প্রভাব সম্পর্কে দুই দলকেই বুঝতে হবে। তাঁর মতে, আসন পুনর্বিন্যাসের বিষয়টি শুধু রাজনৈতিক দলের স্বার্থের সঙ্গে যুক্ত নয়, দেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গেও জড়িত।

এদিন রাহুল অভিযোগ করেন, ভোট চুরির অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের চাপ বাড়ছে। সেই পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই আসন পুনর্বিন্যাস বিল আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এই বিল দেশের গণতন্ত্র নিয়ে নিজেদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে বলেও অভিযোগ করেন তিনি।

## সংরক্ষণ নিয়েও উদ্বেগ প্রকাশ (Reservation and Delimitation)

বিলের বিরোধিতা করতে গিয়ে ৪০ বছরের জন্য লোকসভার আসন অপরিবর্তিত রাখার প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল। তাঁর দাবি, এর ফলে আগামী চার দশক ধরে সামাজিক ন্যায়বিচার এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সংরক্ষণের বিষয়টিও আটকে যেতে পারে।

এদিন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রাজ্যে ভোট চুরির অভিযোগ সংক্রান্ত একটি প্রেজেন্টেশনও তুলে ধরে কংগ্রেস। সেখানে বাংলার ১০০-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ করা হয়। কংগ্রেসের বক্তব্য, ভোট চুরির পর এবার গণতন্ত্র এবং আসন চুরির চেষ্টা করছে বিজেপি। এই ইস্যুতে আন্দোলন আরও জোরদার করার ডাক দিয়েছেন রাহুল। বিশেষ করে জেন জি-কে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, তরুণ প্রজন্ম ভীত নয়। মোদি-শাহের বিরুদ্ধে লড়াইয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে সংসদে বিল পাসের অঙ্কে সরকার এগিয়ে থাকলেও রাজনৈতিক লড়াই এখনই শেষ হচ্ছে না, স্পষ্ট করে দিয়েছেন রাহুল।
