---
title: "মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ! কোন মামলায় পৌঁছল নোটিস?"
url: "https://prothomkolkata.com/delhi-police-mamata-banerjee-residence-notice/"
published: "2026-11-09T15:51:29+00:00"
modified: "2026-11-09T16:10:36+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["কলকাতা"]
---

# মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ! কোন মামলায় পৌঁছল নোটিস?

Delhi Police Mamata Banerjee Residence Notice: **১৩ বছর পুরনো একটি মামলার সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির দিল্লি পুলিশ। সোমবার, ৯ নভেম্বর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে নোটিস দিতে যান দিল্লি পুলিশের আধিকারিকেরা। কলকাতা পুলিশের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। কিন্তু এত বছর আগের কোন মামলায় হঠাৎ এই পদক্ষেপ?**

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হওয়া একটি মামলার সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান দিল্লি পুলিশের আধিকারিকেরা। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় তাঁকে নোটিস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই মামলায় **সাক্ষী হিসেবে** মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে।

## ২০১৩ সালের মামলায় কী কী অভিযোগ?

পুলিশ সূত্রে দাবী করা হয়েছে, ওই মামলায় সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া, কর্তব্যরত সরকারি কর্মীর উপর বলপ্রয়োগ বা হামলা, আঘাত করা, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের মতো অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩৩২, ১৪৭, ১৪৯ এবং ৩৪ ধারার উল্লেখ রয়েছে মামলায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, **মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে নোটিস দেওয়া হয়েছে।** কলকাতা পুলিশও দিল্লি পুলিশের আধিকারিকদের আসার বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ ১৩ বছর আগের মামলায় নতুন করে নোটিস দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
