---
title: "ভোটার তালিকায় নাম, তবু বাংলাদেশি তকমা! বাবা ও তিন ছেলেকে পুশব্যাকের অভিযোগ"
url: "https://prothomkolkata.com/dablu-sheikh-pushback-case/"
published: "2026-11-29T13:58:18+00:00"
modified: "2026-11-29T13:59:05+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ভোটার তালিকায় নাম, তবু বাংলাদেশি তকমা! বাবা ও তিন ছেলেকে পুশব্যাকের অভিযোগ

`Dablu Sheikh Pushback Case`: মুর্শিদাবাদের সুতি থানার মহিষালি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ডাবলু শেখ ও তাঁর তিন ছেলেকে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বৈধ নথিপত্র এবং ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের বাংলাদেশি নাগরিক বলে চিহ্নিত করে জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ডাবলু শেখের জন্মের পরেই তাঁর মা মারা যান। বছর চারেকের মধ্যে বাবাকেও হারান তিনি। এরপর কাকার কাছেই বড় হয়ে ওঠেন ডাবলু। পরবর্তী সময়ে স্থানীয় বাহগলপুর গ্রামের এক মহিলাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করেন। পাঁচ ছেলে ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার। পরিবারের দাবি, গত বিধানসভা নির্বাচনেও তাঁরা ভোট দিয়েছেন। অভিযোগ, গত ১৪ অগস্ট নথিপত্র যাচাইয়ের কথা বলে ডাবলু শেখ ও তাঁর ছেলেদের সুতি থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুই ছেলেকে ছেড়ে দেওয়া হলেও ডাবলু-সহ বাকিদের আটক রাখা হয়। ডাবলু শেখের স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পুলিশ জানায়, বাংলাদেশি নাগরিক হওয়ায় বাবা ও ছেলেদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

## হাইকোর্টে মামলার শুনানি (`Dablu Sheikh Pushback Case`)

তবে ডাবলু শেখের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী ও সৈকত ঠাকুরতার দাবি, ডাবলুর জন্ম ও বিয়ে—দুটিই সুতিতে। ২০১১ সাল থেকে তিনি নিয়মিত ভোটার। তাঁদের বক্তব্য, বৈধ নথিপত্র এবং ভোটাধিকার থাকা সত্ত্বেও জোর করে তাঁকে ও তাঁর ছেলেদের বাংলাদেশে পাঠানো হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ।

আইনজীবীদের আরও দাবি, পরিচয় যাচাইয়ের বিধি অনুযায়ী নির্দিষ্ট এক মাস অপেক্ষা করার কথা থাকলেও তা করা হয়নি। আটকের কয়েক দিনের মধ্যেই তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, পুলিশ সুপারই বিদেশি নাগরিক সংক্রান্ত নিবন্ধন আধিকারিকের ভূমিকা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অথচ সেই পুলিশ সুপার নিজে আদালতে হলফনামা জমা দেননি। এই মামলার শুনানি রয়েছে আগামী সোমবার কলকাতা হাইকোর্টে। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কীভাবে ডাবলু শেখ ও তাঁর ছেলেদের [বাংলাদেশি নাগরিক](https://prothomkolkata.com/dablu-sheikh-pushback-case/) বলে চিহ্নিত করা হল, তা নিয়ে আদালতে কী বক্তব্য উঠে আসে, এখন সেদিকেই নজর।
