---
title: "‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই ভাল’, লতিফ ভাটের মৃত্যুর পর ইঙ্গিতপূর্ণ পোস্ট সিআরপিএফ প্রধানের"
url: "https://prothomkolkata.com/crpf-chief-post-after-latif-bhat-encounter/"
published: "2026-11-18T08:49:03+00:00"
modified: "2026-11-18T11:43:02+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# ‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করাই ভাল’, লতিফ ভাটের মৃত্যুর পর ইঙ্গিতপূর্ণ পোস্ট সিআরপিএফ প্রধানের

CRPF Chief Latif Bhat Encounter: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে লস্কর-এ-ত্যায়বার কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর পর সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ। লতিফের মৃত্যুর খবর সামনে আসার পর তাঁর পোস্টে লেখা ছিল, ‘কিছু খাবার ঠান্ডাই পরিবেশন করা ভাল।’ অন্যদিকে, জম্মু-কাশ্মীর পুলিশের তরফেও একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে লেখা হয়, ‘দৌড়াতে পারো, কিন্তু কখনওই লুকিয়ে থাকতে পারবে না।’ দুই পোস্ট ঘিরেই চর্চা শুরু হয়েছে।

## সিআরপিএফ প্রধানের বার্তা (CRPF Chief Latif Bhat Encounter)

লতিফ ভাটের মৃত্যুর পর সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ তাঁর সমাজমাধ্যমের পোস্টে সহকর্মীদের অভিনন্দন জানান। সরাসরি লতিফের নাম বা অভিযানের কথা উল্লেখ না করলেও বার্তার সময় এবং বক্তব্য থেকে মনে করা হচ্ছে, কুলগামের অভিযানের সাফল্যকেই তিনি তুলে ধরেছেন।

পোস্টে ব্যবহৃত ‘কিছু খাবার ঠান্ডাই পরিবেশন করা ভাল’ কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত এই প্রবাদটি বোঝায়, কোনও ঘটনার প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় অপেক্ষা করা এবং পরে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া বেশি কার্যকর হতে পারে। লতিফের মৃত্যুর পর এই বার্তা প্রকাশ করায় অনেকে এটিকে নিরাপত্তাবাহিনীর দীর্ঘ পরিকল্পনা ও অভিযানের সাফল্যের ইঙ্গিত হিসেবে দেখছেন।

## জম্মু-কাশ্মীর পুলিশের পোস্ট (CRPF Chief Latif Bhat Encounter)

লতিফের মৃত্যুর পর জম্মু-কাশ্মীর পুলিশের সমাজমাধ্যমেও একটি সংক্ষিপ্ত বার্তা প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, ‘দৌড়াতে পারো, কিন্তু কখনওই লুকিয়ে থাকতে পারবে না।’ এই বার্তার মধ্যেও নিরাপত্তাবাহিনীর অভিযান এবং দীর্ঘদিন ধরে খোঁজ চালানোর বিষয়টি উঠে এসেছে।

## মসজিদে লুকিয়ে থাকার খবর, শুরু অভিযান (CRPF Chief Latif Bhat Encounter)

বুধবার ভোর থেকে কুলগামের জঙ্গলপোরা গ্রামে যৌথ তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পাওয়া যায়, মঙ্গলবার রাত প্রায় পৌনে ৩টে নাগাদ গ্রামের একটি মসজিদে ঢুকেছিলেন লতিফ। সেখানেই তিনি আত্মগোপন করে রয়েছেন বলে জানতে পারে নিরাপত্তাবাহিনী। এর পর মসজিদটি ঘিরে ফেলা হয়। পাশাপাশি গোটা গ্রাম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, যাতে লতিফ পালাতে না পারেন। তাঁকে আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। বরং গুলির লড়াইয়ে মৃত্যুর ইচ্ছা প্রকাশ করেন এবং ঈশ্বরের সঙ্গে দেখা করতে চান বলে জানান।

আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর নিরাপত্তাবাহিনী মসজিদের দিকে এগোয়। কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। নিরাপত্তাবাহিনীকে এগিয়ে আসতে দেখে লতিফ গুলি চালান। পাল্টা গুলি চালায় বাহিনীও। শেষ পর্যন্ত ওই সংঘর্ষে নিহত হন লস্কর কমান্ডার।

## ১১ নভেম্বরের হামলার পর তল্লাশি (CRPF Chief Latif Bhat Encounter)

গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং পোস্টে হামলার পর থেকেই লতিফের খোঁজে অভিযান চলছিল। ওই হামলার পিছনে তাঁর নাম উঠে আসে। সূত্রের খবর, ১০ নভেম্বর লতিফ এবং জঙ্গি নিসার দারকে মীর বাজার, অখরান, হবলিশ ও কিলম-সহ কুলগামের একাধিক এলাকায় একসঙ্গে দেখা গিয়েছিল।

এর পরের দিন অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়। গত সোমবার কুলগামের লারু এলাকায় তল্লাশি অভিযানের সময় গুলির লড়াইয়ে নিহত হন নিসার দার। সেই সময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন লতিফ। পুলিশের একটি সূত্রের দাবি, ওই সংঘর্ষে আহতও হয়েছিলেন তিনি। তার দু’দিন পরেই কুলগামে যৌথ অভিযানে নিহত হলেন লস্কর-এ-ত্যায়বার এই কমান্ডার।
