---
title: "বিদেশি রীতি ছেড়ে দেশীয় সংস্কৃতি, সমাবর্তনে কী বদল চান শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ?"
url: "https://prothomkolkata.com/convocation-dress-jagannath-chattopadhyay/"
published: "2026-11-21T05:57:26+00:00"
modified: "2026-11-21T05:57:31+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বিদেশি রীতি ছেড়ে দেশীয় সংস্কৃতি, সমাবর্তনে কী বদল চান শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ?

Convocation Dress: মঞ্চে সাজানো রয়েছে সমাবর্তনের প্রচলিত গাউন ও হ্যাট। কিন্তু সেই পোশাক পরতে নারাজ উচ্চশিক্ষামন্ত্রী [জগন্নাথ চট্টোপাধ্যায়](https://prothomkolkata.com/west-bengal-205-bed-colleges-admission-ban/)। তার বদলে গলায় উত্তরীয় পরেই সমাবর্তনে যোগ দিতে চান তিনি। শুক্রবার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এমনই ছবি দেখা গেল। দীর্ঘদিনের ইউরোপীয় ও ব্রিটিশ প্রথার বদলে ভারতীয় সংস্কৃতি ও পোশাককে গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের নিজস্ব ঐতিহ্য থাকতে বিদেশি রীতি অনুসরণ করার প্রয়োজন নেই।

### গাউন-হ্যাটের বদলে উত্তরীয় কেন? (Indian Convocation Dress)

অনুষ্ঠানে প্রচলিত নিয়ম মেনে মন্ত্রীকে গাউন ও হ্যাট পরার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন জগন্নাথ চট্টোপাধ্যায়। পরিবর্তে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দেশ যখন বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগোচ্ছে, তখন ইউরোপীয় মডেল বা ব্রিটিশ মানসিকতা ধরে রাখার প্রয়োজন নেই। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই গলবস্ত্র, অঙ্গবস্ত্র ও উত্তরীয় পরানোর রীতি রয়েছে। বাংলাতেও এই প্রথা প্রচলিত ছিল। এমনকী সংস্কৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও ডিগ্রি প্রদানের সময় উত্তরীয় পরানোর নিয়ম ছিল।

অনুষ্ঠানে ভারতীয় পোশাকে এবং গলায় উত্তরীয় পরে ডিগ্রি নিতে আসা পড়ুয়াদেরও প্রশংসা করেন তিনি। মন্ত্রীর দাবি, দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ইউরোপীয় রীতির পরিবর্তে দেশীয় পদ্ধতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়েও সমাবর্তনে উত্তরীয় ব্যবহারের চল শুরু হয়েছে।

## এক মাসের মধ্যে উপাচার্য পাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় (North Bengal University Vice Chancellor Convocation Dress)

এদিনের অনুষ্ঠান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন উচ্চশিক্ষামন্ত্রী। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হবে। প্রায় চার বছর ধরে উপাচার্য ছাড়াই চলছিল উত্তরবঙ্গের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়।

## চার বছরের পড়ুয়াদের হাতে ডিগ্রি (Jalpaiguri Engineering College Convocation Dress)

শুক্রবার [জলপাইগুড়ি](https://prothomkolkata.com/spy-pigeons-in-jalpaiguri-phone-numbers-written-on-their-feet-the-mystery-is-coming-again/) গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২২ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের বি টেক ও এম টেক উত্তীর্ণ পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হয়। প্রতিটি ব্যাচের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন মন্ত্রী।

জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, আগের সরকারের আমলে সমাবর্তন ও ডিগ্রি প্রদান অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পড়ুয়াদের প্রভিশনাল সার্টিফিকেটের উপর নির্ভর করতে হচ্ছিল। এতদিন পর আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ডিগ্রি তুলে দেওয়া সম্ভব হল। দীর্ঘ অপেক্ষার পর ডিগ্রি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা।
