---
title: "ঢাকাকে দিল্লি সাজিয়ে ভারতকে অপমান! চিনা ভ্লগারদের লাইভ ঘিরে বাড়ছে বিতর্ক"
url: "https://prothomkolkata.com/chinese-vloggers-dhaka-slums-india-wrong-videos/"
published: "2026-11-09T10:56:00+00:00"
modified: "2026-11-10T16:38:33+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ঢাকাকে দিল্লি সাজিয়ে ভারতকে অপমান! চিনা ভ্লগারদের লাইভ ঘিরে বাড়ছে বিতর্ক

Chinese Vloggers in Dhaka: বাংলাদেশের রাজধানী ঢাকার বস্তি ও দরিদ্র এলাকাগুলির ছবি তুলে চিনের সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন প্রায় ১৫০ জন চিনা নাগরিক। কিন্তু তাঁদের দাবি, তাঁরা রয়েছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে! শুধু তাই নয়, সেখানকার মানুষের জীবনযাত্রা, বাড়িঘর, পরিচ্ছন্নতা এবং খাবারদাবার নিয়েও একের পর এক কুরুচিকর মন্তব্য করছেন তাঁরা। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিনা ভ্লগারদের এই কর্মকাণ্ড কি শুধুই অনলাইন কনটেন্ট তৈরির কৌশল, নাকি এর পিছনে রয়েছে ভারতকে ছোট করার কোনও পরিকল্পিত প্রচার অভিযান? বাংলাদেশের সংবাদমাধ্যম 'প্রথম আলো'-র ৬ নভেম্বর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার উত্তরা এলাকার ১২ নম্বর সেক্টর এবং সংলগ্ন টেকপাড়ার মতো নিম্ন আয়ের মানুষের বসতিতে নিয়মিত যাতায়াত করছেন চিনা নাগরিকরা। সেখানকার সরু গলি, ছোট বাড়ি, চায়ের দোকান এবং স্থানীয় বাসিন্দাদের ছবি তুলে চিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ করছেন তাঁরা। অথচ দর্শকদের কাছে সেই জায়গাগুলিকে নয়াদিল্লির অংশ বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

## ঢাকার বস্তিকে নয়াদিল্লি বলে পরিচয় (Chinese Vloggers in Dhaka)

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১ নভেম্বর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি খালের পাশে লাইভ করতে দেখা যায় 'মিয়ানমিয়ান' নামে এক চিনা তরুণীকে। তিনি নিজেকে চিনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা বলে পরিচয় দেন। লাইভ চলাকালীন তিনি ওই এলাকাকে নয়াদিল্লি বলে দাবি করেন। পাশাপাশি সেখানকার বাড়িঘরকে অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন এবং অনুন্নত বলে বর্ণনা করেন। তাঁর বক্তব্য ছিল, দিল্লির এই এলাকায় টিনের ছাউনি দেওয়া বাড়িগুলিতে পাখা পর্যন্ত নেই। এখানকার পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন। এমনকী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, টেকপাড়ার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে লাইভ করছিলেন 'ওয়াং ওয়েই' নামে আর এক চিনা নাগরিক। স্থানীয়দের চা খাওয়ার দৃশ্য দেখিয়ে তিনি দাবি করেন, ওই চা তৈরি হয় গরুর মূত্র এবং নোংরা নদীর জল দিয়ে। এমন মন্তব্যের মাধ্যমে ভারতীয়দের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাকে ছোট করে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন চিনা মহিলা আবার লাইভে দাবি করেন, তাঁরা ভারতে বিয়ে করেছেন এবং স্বামী-পরিবারের সঙ্গে সেখানেই বসবাস করছেন। যদিও বাস্তবে তাঁদের দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকার বিভিন্ন এলাকায়।

## মে মাস থেকেই চলছে এই কর্মকাণ্ড (Chinese Vloggers in Dhaka)

এই ঘটনা একেবারে নতুন নয়। চলতি বছরের ২৮ মে বাংলাদেশের সংবাদমাধ্যম 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'ও ঢাকার টেকপাড়া এলাকায় চিনা ভ্লগারদের আনাগোনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে দেখা যায়, নিম্ন আয়ের মানুষের ঘনবসতিপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে ভিডিয়ো করছেন তাঁরা। তাঁদের হাতে ছিল আইফোন এবং দীর্ঘক্ষণ ভিডিয়ো করার উপযোগী কুলিং ফ্যান। চিনের Bilibili এবং Youku-র মতো প্ল্যাটফর্মে পাওয়া ভিডিয়োগুলিও খতিয়ে দেখে সংবাদমাধ্যমটি। সেখানে একাধিক ভিডিয়োর শিরোনামে 'গরিব', 'নোংরা' এবং 'বস্তি'র মতো শব্দ ব্যবহার করা হয়েছে। ভিডিয়োগুলিতে দরিদ্র মানুষের জীবনযাত্রা তুলে ধরার পাশাপাশি নিজেদের সাহায্যকারী হিসেবেও তুলে ধরছেন কয়েকজন ভ্লগার। ৬ জুলাই বাংলাদেশের সংবাদমাধ্যম 'কালের কণ্ঠ'ও এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাসে উত্তরা ১২ নম্বর সেক্টরে চিনা নাগরিকদের আনাগোনা অনেকটাই বেড়েছে। তাঁরা নিয়মিত দোকানপাট এবং বাড়ির সামনে দাঁড়িয়ে ভিডিয়ো করছেন। এক বাসিন্দার কথায়, তাঁরা চিনা নাগরিকদের ভাষা বোঝেন না। কেন তাঁরা নিয়মিত এলাকায় এসে ভিডিয়ো করছেন, সেটাও স্পষ্ট নয়। অন্য এক বাসিন্দা জানান, প্রায় তিন-চার মাস ধরে এই কাজ চলছে। দোকানে দোকানে ঢুকেও ছবি তোলা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনেও ঢাকার সরু গলি, বসতবাড়ি এবং স্থানীয় দোকানে চিনা নাগরিকদের ভিডিয়ো করার ছবি সামনে এসেছে।

## অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে ভিডিয়ো করার অভিযোগ (Chinese Vloggers in Dhaka)

শুধু ভুল পরিচয় দিয়ে ভিডিয়ো তৈরি নয়, চিনা ভ্লগারদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগও উঠেছে। প্রথম আলো এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন ভ্লগার অনুমতি ছাড়াই বাড়িতে ঢুকে ছবি তুলেছেন। এমনকী রান্নাঘর এবং শৌচাগারের মতো ব্যক্তিগত জায়গাতেও ক্যামেরা নিয়ে ঢোকার অভিযোগ উঠেছে।এই কাজে কয়েকজন বাংলাদেশি মহিলাও চিনা নাগরিকদের সাহায্য করছেন বলে জানা গিয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এক স্থানীয় মহিলা জানিয়েছেন, ভ্লগারদের সাহায্য করে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পান তিনি। অন্যদিকে, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন মহিলা দৈনিক ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছেন।কালের কণ্ঠের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এক চিনা নাগরিকের সঙ্গে কথা বলতে গেলে তিনি ফোনে এক স্থানীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। পরে একটি ওষুধের দোকানের মালিক সাংবাদিকদের ফোন নম্বর সংগ্রহ করে তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলেছিলেন বলে অভিযোগ।

## পণ্য প্রচারের কাজ, নাকি ভারতবিরোধী প্রচার? (Chinese Vloggers in Dhaka)

চিনা নাগরিকদের এই কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। প্রথম আলোকে 'ফাংইউ' নামে এক চিনা নাগরিক জানিয়েছেন, তাঁরা মূলত পণ্য প্রচারের জন্য এই ধরনের লাইভ করছেন। তবে কেন ঢাকার দরিদ্র এলাকাগুলিকেই ভিডিয়ো তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দেননি। উত্তরা পশ্চিম থানার ওসি জানিয়েছেন, এলাকায় চিনা নাগরিকদের ভিডিয়ো করতে দেখা গিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তবে তাঁদের আসল উদ্দেশ্য কী, তা এখনও পুলিশের কাছে পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে কাজ চলছে।

দক্ষিণ এশিয়ার দরিদ্র মানুষের জীবনযাত্রা নিয়ে বিদেশি পর্যটক এবং কনটেন্ট ক্রিয়েটরদের আগ্রহ নতুন নয়। ভারতের মুম্বইয়ের ধারাভির মতো বস্তি এলাকাতেও বিদেশি পর্যটকদের যাতায়াত রয়েছে। ২০২৬ সালের মার্চে ইন্ডিয়া টুডে ডিজিটালের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, ধারাভির বাসিন্দাদের একাংশ বিদেশি পর্যটকদের ঘুরিয়ে দেখিয়ে জনপ্রতি ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। চিনা ভ্লগাররাও হয়তো চিনের দর্শকদের মধ্যে এই ধরনের ভিডিয়োর চাহিদাকে কাজে লাগাতে চাইছেন। কিন্তু বাংলাদেশের বস্তির ছবি তুলে তা ভারতের বলে প্রচার করার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। বিশেষ করে ভারতীয়দের জীবনযাত্রা নিয়ে ধারাবাহিক নেতিবাচক মন্তব্য সেই সন্দেহ আরও বাড়াচ্ছে। যদিও প্রথম আলো বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কোনও প্রতিবেদনেই এই ভ্লগারদের সঙ্গে কোনও সংগঠিত প্রচার অভিযানের যোগসূত্র প্রমাণিত হয়নি। তাঁরা ব্যক্তিগতভাবে কাজ করছেন, নাকি কোনও নির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে এই ভিডিয়ো তৈরি করছেন, তা এখনও অজানা। তবে ঢাকার ছবিকে দিল্লির বলে চালিয়ে দেওয়ার এই প্রবণতা এবং ভারত সম্পর্কে অপমানজনক মন্তব্যের বিষয়টি যে নতুন করে তদন্তের দাবি রাখে, তা বলাই যায়।
