---
title: "২৭ নভেম্বর রাজ্যের সব সরকারি স্কুলে বিশেষ কর্মসূচি! কেন শপথ নিতে হবে পড়ুয়া-শিক্ষকদের?"
url: "https://prothomkolkata.com/child-marriage-awareness-schools-west-bengal/"
published: "2026-11-26T13:50:20+00:00"
modified: "2026-11-26T13:50:21+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ২৭ নভেম্বর রাজ্যের সব সরকারি স্কুলে বিশেষ কর্মসূচি! কেন শপথ নিতে হবে পড়ুয়া-শিক্ষকদের?

Child Marriage Awareness: [বাল্যবিবাহের](https://prothomkolkata.com/child-marriage-in-west-bengal/) বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার প্রতিটি স্কুলে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সমবেতভাবে শপথ নিতে হবে। নাবালিকাদের বিয়ে দেওয়া কিংবা কারও ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে বাধ্য করার মতো ঘটনার প্রতিবাদ করার অঙ্গীকার করবেন তাঁরা। শুধু স্কুলে শপথ পাঠ নয়, বাল্যবিবাহের বিরুদ্ধে গ্রাম ও শহরেও ১০০ দিনের বিশেষ প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য।

## স্কুলে স্কুলে বাল্যবিবাহ বিরোধী শপথ ( Child Marriage Awareness School Oath)

বাল্যবিবাহ বন্ধ করতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছে নবান্ন। সেই লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। আগামী ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে এই কর্মসূচি পালিত হবে।

পড়ুয়া, [শিক্ষক-শিক্ষিকা](https://prothomkolkata.com/ac-in-bengal-primary-school-the-students-are-doing-classes-anyway-but-where/)এবং স্কুলের অশিক্ষক কর্মীদের একসঙ্গে শপথ নিতে হবে। বাল্যবিবাহে সম্মতি না দেওয়া এবং কোনও নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হলে তার প্রতিবাদ করার অঙ্গীকার করবেন তাঁরা। এই কর্মসূচির জন্য বাংলা ও ইংরেজি, দুই ভাষাতেই শপথের খসড়া তৈরি করা হয়েছে। স্কুলগুলিতে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক পোস্টার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে। কর্মসূচি শেষ হওয়ার পর তার ছবি এবং লিখিত বিবরণ সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে সেই তথ্য জেলাশাসকের দফতরে জমা দিতে হবে।

## বাল্যবিবাহ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর (Child Marriage Awareness Law)

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে একাধিকবার কড়া অবস্থানের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও নাবালিকা মা হলে বিষয়টিকে কোনওভাবেই হালকাভাবে দেখা যাবে না। ১৮ বছর বয়স হওয়ার আগেই কোনও মেয়ের সন্তানের জন্ম হলে তার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এমন বিয়ের ক্ষেত্রে পরিবারের ভূমিকা নিয়েও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাবালিকার বিয়ে সম্পন্ন করার কাজে যুক্ত পুরোহিত এবং কাজিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

## ১০০ দিনের প্রচার চালাবে নারী ও শিশু কল্যাণ দফতর (Child Marriage Awareness Campaign)

শুধু স্কুলের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না রাজ্য সরকার। বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে নারী ও শিশু কল্যাণ দফতর রাজ্যের বিভিন্ন ব্লকে ১০০ দিনের বিশেষ প্রচার চালানোর পরিকল্পনা করেছে। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বেশি হয়। সেই বিষয়টি মাথায় রেখেই এই সময়কে প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে। গ্রাম ও শহরের সাধারণ মানুষের কাছে বাল্যবিবাহ সংক্রান্ত আইনি বিধিনিষেধ তুলে ধরা হবে। নাবালিকার বিয়ের সঙ্গে যুক্ত থাকলে কী ধরনের আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে, তা-ও জানানো হবে। পাশাপাশি কম বয়সে বিয়ের ফলে মেয়েদের শারীরিক বৃদ্ধি, মানসিক সুস্থতা এবং ভবিষ্যতের সামাজিক জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়েও প্রচার চালানো হবে।

কেন্দ্রের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজ্যের এই উদ্যোগ। নতুন প্রজন্মকে সচেতন করে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথা বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য। স্কুল থেকে শুরু করে গ্রামাঞ্চল, সর্বত্র সচেতনতা ছড়িয়ে দিয়ে এই সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাইছে প্রশাসন।
