---
title: "'আমাকে না চিনলে কুপ্রস্তাব দিলাম কীভাবে?' অভিযোগে বিস্ফোরক ব্রাত্য বসু"
url: "https://prothomkolkata.com/bratya-basu-allegations-baguiati-fir-response/"
published: "2026-11-21T08:41:43+00:00"
modified: "2026-11-21T15:44:15+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# 'আমাকে না চিনলে কুপ্রস্তাব দিলাম কীভাবে?' অভিযোগে বিস্ফোরক ব্রাত্য বসু

Bratya Basu allegations: অভিযোগ উঠলেই কি কেউ দোষী হয়ে যান? নাকি অভিযোগের পিছনে থাকা সত্যিটা সামনে আসা জরুরি? বাগুইআটি থানায় দায়ের হওয়া একাধিক অভিযোগ ঘিরে এবার মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী [ব্রাত্য বসু](https://prothomkolkata.com/tag/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81/)। ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, দুর্নীতি ও স্বজনপোষণের মতো অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠার পর শনিবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। সমস্ত অভিযোগ অস্বীকার করার পাশাপাশি নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন ব্রাত্য। তাঁর বক্তব্য, যাঁরা অভিযোগ করছেন তাঁদের কাউকেই তিনি চেনেন না। এমনকী, কখনও চোখেও দেখেননি। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

## অভিযোগ প্রমাণিত হওয়া জরুরি, বললেন ব্রাত্য (Bratya Basu allegations)

[সাংবাদিক](https://prothomkolkata.com/journalist-protest-kolkata/) বৈঠকে ব্রাত্য বসু বলেন, অভিযোগ যে কেউ করতে পারেন। কিন্তু অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। তাঁর কথায়, আইন ও আদালতের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই গোটা ঘটনার নতুন করে তদন্ত চান তিনি। কারা এই অভিযোগ করেছেন, কেন করেছেন এবং এর পিছনে প্রকৃত ঘটনা কী, তা তদন্তের মাধ্যমে সামনে আসা উচিত। ব্রাত্যর দাবি, প্রায় ৪০-৫০ জনের নাম উঠে এলেও সংবাদমাধ্যমে আলাদা করে তাঁকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন তাঁকে বিশেষভাবে নিশানা করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

## 'যে দপ্তর আমার হাতে ছিল না, সেখানে প্রভাব খাটাব কীভাবে?' (Bratya Basu information department)

যে বিভাগকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বে তিনি কখনও ছিলেন না বলে দাবি করেছেন ব্রাত্য। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে সেই দপ্তরে তিনি কীভাবে প্রভাব খাটাবেন, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী।

অভিযোগকারীদের সঙ্গেও তাঁর কোনও পরিচয় নেই বলে জানিয়েছেন ব্রাত্য। এমনকী, তাঁদের কাউকে তিনি কখনও দেখেননি বলেও দাবি করেছেন। বাংলা অ্যাকাডেমির এক প্রাক্তন সচিবের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ব্রাত্যর বক্তব্য, ওই সরকারি আধিকারিক তাঁকে জানিয়েছেন, বাংলা অ্যাকাডেমিতে বিভিন্ন কমিটির বৈঠকে উপস্থিত থাকলেও তিনি কখনও তাঁকে দেখেননি। তাই যাঁকে তিনি চেনেনই না, তাঁকে কীভাবে কুপ্রস্তাব দিতে পারেন বা খারাপ কথা বলতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন ব্রাত্য।

## এফআইআর করা নিয়ে অভিযোগকারীর 'স্টেকহোল্ডিং' জানতে চান (Bratya Basu Baguiati FIR)

[বাগুইআটি](https://prothomkolkata.com/bjp-against-extortion-west-bengal/) থানায় দায়ের হওয়া অভিযোগের প্রসঙ্গেও একাধিক প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। তাঁর বক্তব্য, যে কেউ এফআইআর করতে পারেন। কিন্তু অভিযোগকারীর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনার সম্পর্ক কী, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি জানতে চান, অভিযোগকারী কি তথ্য ও সংস্কৃতি দপ্তরের কোনও আধিকারিক বা কর্মী? নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? তাঁর কথায়, অভিযোগকারীর সঙ্গে ঘটনার কোনও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে কি না, তা সংবাদমাধ্যমেরও প্রশ্ন করা উচিত। এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, কোনও অভিযোগ উঠলেই অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থন করতে হচ্ছে। অথচ অভিযোগের সত্যতা প্রমাণের দায়িত্বও গুরুত্বপূর্ণ। শুধু সংবাদমাধ্যমে মুখ দেখানো বা প্রচারের আলোয় আসার জন্য কেউ অভিযোগ করছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

## সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি (Bratya Basu CCTV footage)

অভিযোগকারীর সঙ্গে তাঁর যোগাযোগের দাবি উড়িয়ে দিতে সিসিটিভি ফুটেজের প্রসঙ্গও তুলেছেন ব্রাত্য। তাঁর বক্তব্য, ২০২২ সালে বিকাশ ভবনে থাকাকালীন তিনি সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ এখনও কার্যকর থাকার কথা।

ব্রাত্যর দাবি, অভিযোগে যে নির্দিষ্ট দিনগুলির কথা বলা হচ্ছে, সেই সময়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই বোঝা যাবে তাঁর ঘরে আদৌ কোনও অভিযোগকারী প্রবেশ করেছিলেন কি না। পাশাপাশি তাঁর ফোনের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপের যোগাযোগও খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। সংশ্লিষ্ট মহিলার কাছ থেকে কখনও ফোন বা বার্তা পেয়েছেন কি না, তা যাচাই করলেই বিষয়টি স্পষ্ট হবে বলে দাবি তাঁর।

## প্রাক্তন আপ্ত সহায়ককে নিয়েও প্রশ্ন (Bratya Basu former aide)

এই ঘটনায় তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক পৃথ্বীশ রানার নাম উঠে আসায় তাঁকে নিয়েও মুখ খুলেছেন ব্রাত্য। তাঁর দাবি, ওই ব্যক্তিকে একসময় তাঁর দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে নানা মন্তব্য করছেন ওই প্রাক্তন আপ্ত সহায়ক।

ব্রাত্যর প্রশ্ন, অভিযোগকারী এবং তাঁর প্রাক্তন আপ্ত সহায়কের মধ্যে যোগাযোগ কীভাবে তৈরি হল? এই যোগাযোগের পিছনে কারও ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

## ইন্দ্রনীল সেনের সঙ্গে সম্পর্ক নিয়েও সাফাই (Bratya Basu Indranil Sen)

অভিযোগে প্রাক্তন মন্ত্রী [ইন্দ্রনীল সেনের](https://prothomkolkata.com/mrinal-sens-dismissal-is-returning-as-escape-talk-about-the-crisis-of-the-middle-class/) নাম উঠে আসা নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ব্রাত্য। তাঁর দাবি, ইন্দ্রনীল সেনের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই আনুষ্ঠানিক ছিল। সুপারিশ করার মতো ঘনিষ্ঠতা তাঁদের মধ্যে ছিল না। ব্রাত্য জানান, ২০১৭-১৮ সালে মিনার দায়িত্বে থাকাকালীন তথ্য ও সংস্কৃতি দপ্তরে গোবিন্দ দাস নামে একজনের জন্য একবার সুপারিশ করেছিলেন তিনি। তবে সেই সুপারিশও গ্রহণ হয়নি। এরপর আর কখনও ওই দপ্তরে কাউকে চাকরি বা অন্য কোনও বিষয়ে সুপারিশ করেননি বলে দাবি তাঁর। বিশেষ করে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা ছিল না বলেও জানিয়েছেন তিনি।

সবশেষে ব্রাত্য বসু স্পষ্ট করেছেন, ইতিমধ্যেই আইনি সহায়তা নিয়েছেন এবং আইনি পদক্ষেপও করেছেন। আদালতে যাওয়ার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। দায়িত্বশীল সংবাদমাধ্যমের সঙ্গে বিষয়টি জড়িত থাকায় উপযুক্ত সময়ে পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর একটাই দাবি, অভিযোগের আড়ালে থাকা প্রকৃত সত্য সামনে আনতে নিরপেক্ষ ও নতুন করে তদন্ত হোক।
