---
title: "বিসলেরির জলে ক্ষতিকর রাসায়নিক! FSSAI-এর রিপোর্টের পর কী দাবি সংস্থার?"
url: "https://prothomkolkata.com/bisleri-water-safety-fssai-report/"
published: "2026-11-25T07:55:00+00:00"
modified: "2026-11-25T06:42:17+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# বিসলেরির জলে ক্ষতিকর রাসায়নিক! FSSAI-এর রিপোর্টের পর কী দাবি সংস্থার?

Bisleri Water Controversy: প্যাকেজড পানীয় জলের গুণমান নিয়ে বড়সড় বিতর্কে জড়াল দেশের অন্যতম পরিচিত ব্র্যান্ড [বিসলেরি](https://prothomkolkata.com/reluctance-to-own-bisleri-meet-jayanthi-chauhan/) (Bisleri International)। সংস্থার গোয়ার কারখানা থেকে সংগ্রহ করা পানীয় জলের একটি নমুনা পরীক্ষায় অনিরাপদ বলে চিহ্নিত করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। নমুনায় নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্রোমেট পাওয়ার পাশাপাশি দ্বিতীয় দফার পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs) নামে রাসায়নিকের উপস্থিতিও ধরা পড়েছে বলে দাবি করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। এই ঘটনার পর বিসলেরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরু করার অনুমোদন দিয়েছে FSSAI। এবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান জানাল বিসলেরি কর্তৃপক্ষ। সংস্থার দাবি, তাদের নিজস্ব উদ্যোগে তৃতীয় পক্ষের পরীক্ষায় জলের নমুনা নিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

সোমবার একটি বিবৃতিতে বিসলেরি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পানীয় জলের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সেই কারণে সংস্থায় কঠোর গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। FSSAI-এর সঙ্গে সহযোগিতা করেও তারা বিষয়টির সমাধান করতে চায়।

## কী বলছে বিসলেরি? (Bisleri Water Safety)

বিসলেরির বক্তব্য অনুযায়ী, গত বছর গোয়ার কারখানা থেকে সংগ্রহ করা একটি পানীয় জলের নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার তুলনায় সামান্য বেশি ছিল। ওই নমুনায় প্রতি লিটারে ১২ মাইক্রোগ্রাম ব্রোমেট পাওয়া যায়। অথচ নির্ধারিত সর্বোচ্চ সীমা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রাম।

তবে সংস্থার দাবি, পরবর্তীকালে তাদের উদ্যোগে একাধিক স্বাধীন পরীক্ষাগারে নমুনাটি পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষাগুলিতে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে। বিসলেরির বিবৃতিতে বলা হয়েছে, পানীয় জলের নিরাপত্তার সঙ্গে তারা কোনও আপস করে না। কঠোর গুণমান নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি উপযুক্ত নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মেটাতে [FSSAI](https://prothomkolkata.com/tag/fssai/)-কে সবরকম সহযোগিতা করা হবে।

## পরীক্ষায় কী পেয়েছে FSSAI? (FSSAI Bisleri Water Report)

রবিবার FSSAI জানায়, বিসলেরি ইন্টারন্যাশনালের প্রাঙ্গণ থেকে পরীক্ষার জন্য প্যাকেটজাত পানীয় জলের একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয়, এটি মিনারেল ওয়াটার বা খনিজ জলের নমুনা ছিল না। এটি ছিল প্যাকেটজাত পানীয় জল।

প্রাথমিক পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। এর পর পরীক্ষার ফলাফলের বিরুদ্ধে আপিল করে বিসলেরি। সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটি আরও পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও নমুনাটি নিরাপদ বলে বিবেচিত হয়নি। FSSAI-এর দাবি, রেফারেল পরীক্ষাগারে নমুনায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস (PAHs) শনাক্ত হয়েছে। এর পরেই নমুনাটিকে অনিরাপদ বলে ঘোষণা করা হয়।

খাদ্য নিয়ন্ত্রক সংস্থার মতে, পরীক্ষাগারের রিপোর্টে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট হয়েছে। তাই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬-এর অধীনে বিসলেরির বিরুদ্ধে মামলা শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে।

## কতটা বিপজ্জনক ব্রোমেট ও PAHs? (Bromate and PAHs Bisleri Water)

ব্রোমেট একটি রাসায়নিক যৌগ। নির্দিষ্ট কিছু জীবাণুনাশক প্রক্রিয়ার সময় এটি উপজাত হিসেবে তৈরি হতে পারে। পানীয় জলে এর উপস্থিতির জন্য নির্দিষ্ট সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সেই সীমা অতিক্রম করলেই তা খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘন বলে বিবেচিত হয়। অন্যদিকে, পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বনস বা PAHs এক ধরনের রাসায়নিক যৌগের গোষ্ঠী। এই গোষ্ঠীর কিছু উপাদান দীর্ঘদিন শরীরে প্রবেশ করলে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই পানীয় জলে এই ধরনের রাসায়নিকের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

## অন্যান্য সংস্থার বিরুদ্ধেও পদক্ষেপ (FSSAI Food Safety Action Biselri)

শুধু বিসলেরি নয়, চলতি বছরে আরও কয়েকটি খাদ্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে FSSAI। বসন্ত মশলা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্স স্থগিত করেছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে, আশা কনফেকশনারির প্রি-প্যাকেজড চকলেট ফিলড কুকিজ পরীক্ষায় অনিরাপদ বলে চিহ্নিত হওয়ায় বাজার থেকে ওই পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে শিশুখাদ্যের একটি নমুনা নিম্নমানের বলে চিহ্নিত হওয়ার পর নেসলের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করেছে FSSAI। এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারক সংস্থাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

## কয়েক বিলিয়ন ডলারের বাজারে বড় ধাক্কা (Bisleri Water Market)

ভারতের প্যাকেটজাত পানীয় জলের বাজারে বিসলেরি একটি পরিচিত নাম। পেপসিকোর অ্যাকোয়াফিনা এবং কোকা-কোলার কিনলের সঙ্গে এই বাজারে প্রতিযোগিতা করে সংস্থাটি। রয়টার্সের উদ্ধৃত পারসিস্টেন্স মার্কেট রিসার্চের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের প্যাকেটজাত পানীয় জলের বাজারের মূল্য ছিল ৩.৬ বিলিয়ন ডলার।

ফলে বিসলেরির বিরুদ্ধে FSSAI-এর এই পদক্ষেপ সংস্থার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও সংস্থাটি নিজেদের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে জলের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছে, তবু নিয়ন্ত্রক সংস্থার পরীক্ষার ফলাফল এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর থাকবে। খাদ্য নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই বিসলেরির এই দাবি ও FSSAI-এর পদক্ষেপ নতুন করে প্রশ্ন তুলেছে পানীয় জলের গুণমান পরীক্ষা নিয়ে।
