---
title: "বাংলাতেও বিপাকে বিসলেরি! দু’বার পরীক্ষায় ব্যর্থ জল, কী মিলল নমুনায়?"
url: "https://prothomkolkata.com/bisleri-water-quality-fails-tests-in-jalpaiguri/"
published: "2026-11-28T05:10:24+00:00"
modified: "2026-11-28T05:10:29+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বাংলাতেও বিপাকে বিসলেরি! দু’বার পরীক্ষায় ব্যর্থ জল, কী মিলল নমুনায়?

Bisleri Water Quality: বাংলাতেও বড়সড় বিপাকে পানীয় জল প্রস্তুতকারী সংস্থা [বিসলেরি](https://prothomkolkata.com/bisleri-water-safety-fssai-report/)। জলপাইগুড়ির তেলিপাড়ায় সংস্থার কারখানা থেকে সংগ্রহ করা জলের নমুনায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। প্রাথমিক পরীক্ষার পাশাপাশি রেফারেল ফুড ল্যাবরেটরির পরীক্ষাতেও ধরা পড়েছে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি। পরপর দু’টি পরীক্ষায় নমুনা ব্যর্থ হওয়ায় সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাচের জল বিক্রি বন্ধ করা হয়েছে।

## দু’টি পরীক্ষাতেই ব্যর্থ নমুনা (Bisleri Water Test)

সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামের বিসলেরি কারখানা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করেছিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেই নমুনা প্রথমে একটি প্রাথমিক পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে জলে কলিফর্ম [ব্যাকটেরিয়ার](https://prothomkolkata.com/how-to-eliminate-foot-odor-there-is-an-easy-way/) উপস্থিতি ধরা পড়ে। এরপর নমুনাটি পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। দ্বিতীয় পরীক্ষাতেও একই ফল সামনে আসে।

বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, কোনওভাবে কারখানার পাইপলাইনে ফাটল ধরে নর্দমার জল পানীয় জলের সঙ্গে মিশে গিয়ে থাকতে পারে। তার ফলেই জলে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা দিয়েছে। যে জলের নমুনায় ব্যাকটেরিয়া মিলেছে, সেটি ‘পিবি ২০১’ ব্যাচের বলে জানা গিয়েছে। পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরই ওই ব্যাচের জল বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সংস্থার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা শুরুর প্রক্রিয়া এগোচ্ছে।

## আগেও জলে মিলেছিল ক্ষতিকর রাসায়নিক (Bisleri Water Contamination)

বিসলেরির বিরুদ্ধে এই প্রথম অভিযোগ উঠল, এমন নয়। এর আগেও সংস্থার একটি ইউনিট থেকে সংগ্রহ করা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নমুনায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছিল। প্রথম পরীক্ষায় জলে নির্ধারিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়।

জল শোধনের সময় ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ব্রোমেট তৈরি হতে পারে। পানীয় জলে এই রাসায়নিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। কিন্তু পরীক্ষায় তার চেয়ে অনেক বেশি পরিমাণে ব্রোমেট পাওয়া যায়। এরপরই ওই জলকে পান করার অনুপযুক্ত বলে ঘোষণা করে এফএসএসএআই।

## আপিল করেও স্বস্তি মেলেনি সংস্থার (FSSAI Action on Bisleri)

এফএসএসএআইয়ের রিপোর্টের বিরুদ্ধে আপিল করেছিল বিসলেরি কর্তৃপক্ষ। এরপর নতুন করে নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। সেখানকার পরীক্ষাতেও জলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs) পাওয়া যায়। ব্রোমেটের পাশাপাশি এই রাসায়নিকগুলিও ক্যানসারের ঝুঁকির সঙ্গে যুক্ত।

দ্বিতীয় পরীক্ষার রিপোর্টেও জলকে নিরাপদ বলে বিবেচনা করা যায়নি। এরপরই আইন মেনে সংশ্লিষ্ট পানীয় জলকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করে এফএসএসএআই। এবার জলপাইগুড়ির তেলিপাড়ার কারখানার নমুনায় ব্যাকটেরিয়া মেলায় সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিসলেরি কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
