---
title: "১ জানুয়ারি থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০-২০০০ টাকা! কারা পাবেন ‘ভরসা’র টাকা? রইল নিয়মকানুন"
url: "https://prothomkolkata.com/bharosa-scheme-west-bengal-eligibility-benefits/"
published: "2026-11-26T13:22:02+00:00"
modified: "2026-11-26T13:22:06+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ১ জানুয়ারি থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০-২০০০ টাকা! কারা পাবেন ‘ভরসা’র টাকা? রইল নিয়মকানুন

Bharosa Scheme 2027: রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তার নতুন প্রকল্প ‘[ভরসা](https://prothomkolkata.com/tag/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/)’। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই প্রকল্পে মাসিক আর্থিক সাহায্য দেওয়া শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, প্রকল্পের নিয়ম ও যোগ্যতা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কত টাকা দেওয়া হবে এবং কারা আবেদন করতে পারবেন না। বয়স, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে পরিবারের সদস্যসংখ্যা এবং ভোটার তালিকায় নাম থাকা—সব ক্ষেত্রেই রয়েছে নির্দিষ্ট শর্ত। ফলে আবেদন করার আগে এই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।

## কী এই ভরসা প্রকল্প? (Bharosa Scheme 2027)

পশ্চিমবঙ্গের শিক্ষিত অথচ [বেকার যুবক-যুবতীদের](https://prothomkolkata.com/suvendu-adhikari-government-recruitment-fee/)আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। আগে এই প্রকল্পের নাম ছিল ‘যুবসাথী’। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পটির নাম বদলে ‘ভরসা’ রাখা হয়েছে। গত ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রকল্পটি অনুমোদন পায়। এবার প্রকাশিত হল তার বিস্তারিত নির্দেশিকা।

এই প্রকল্পে যোগ্য উপভোক্তারা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসিক আর্থিক সাহায্য পেতে পারেন। তবে এই সুবিধা চালু থাকবে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে। অর্থাৎ, প্রকল্পের টাকা পাওয়ার পরেও কোনও উপভোক্তা যোগ্যতা হারালে তাঁর আর্থিক সাহায্য বন্ধ হতে পারে।

## মাসে ২০০০ টাকা কারা পাবেন? (Bharosa Scheme 2000)

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দু’টি ভাগে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

- **২০০০ টাকা**: স্নাতক বা গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছেন এমন বেকার যুবক-যুবতীরা মাসে ২০০০ টাকা পাবেন। এ ছাড়া সরকারি আইটিআই (ITI) থেকে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন অথবা এই ধরনের কোর্স করছেন, তাঁরাও এই পরিমাণ আর্থিক সাহায্য পাবেন।
- **১৫০০ টাকা**: যাঁরা স্নাতক নন, অর্থাৎ নন-গ্র্যাজুয়েট বা স্নাতক স্তরে পড়াশোনা করছেন, তাঁরা মাসে ১৫০০ টাকা পাবেন। তবে তাঁদের অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অর্থাৎ, আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করবে তিনি মাসে ১৫০০ না ২০০০ টাকা পাবেন।

## বয়স ও বসবাসের শর্ত কী? (Bharosa Scheme Eligibility)

ভরসা প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী তাঁর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। এই বয়সসীমার বাইরে থাকা ব্যক্তিরা প্রকল্পের সুবিধা পাবেন না।

শুধু তাই নয়, ২০২৬ সালের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR-এর পর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই ক্ষেত্রে কিছু ছাড়ও রয়েছে। যাঁদের নাম বাদ পড়া নিয়ে SIR-এর আপিল ট্রাইব্যুনালে মামলা চলছে, তাঁরাও আবেদন করতে পারবেন। একইভাবে, নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-তে যাঁদের আবেদন এখনও বিবেচনাধীন, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।

## কারা এই প্রকল্পের টাকা পাবেন না? (Bharosa Scheme Rules)

ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী—

- **সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।**
- **যাঁরা স্বনির্ভর বা নিজের ব্যবসা করেন, তাঁরাও এই সুবিধা পাবেন না।**
- **অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা ভরসা প্রকল্পের টাকা পাবেন না।**
- **রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাঁরা পান, তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না।**
- **একটি পরিবারের সর্বাধিক দু’জন সদস্য এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।**

তবে প্রতিবন্ধী ভাতা বা মানবিক পেনশনের মতো প্রকল্পের সুবিধা পান, এমন ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। তাঁরা ভরসা প্রকল্পে আবেদন করতে পারবেন।

## কীভাবে হবে আবেদন যাচাই? (Bharosa Scheme Verification)

প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত বেকারদের কাছে পৌঁছয়, সে জন্য আবেদনকারীদের দেওয়া তথ্য খতিয়ে দেখবে প্রশাসন। শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থানের অবস্থা এবং অন্যান্য শর্ত যাচাই করা হবে।

এ জন্য প্রশাসনের তরফে এলাকায় এলাকায় গিয়ে তথ্য যাচাই করা হবে। নির্দিষ্ট আধিকারিকরা সেই যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের নাম সুপারিশ করবেন। রাজ্যের ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে জমা পড়া আবেদনগুলিও আলাদাভাবে খতিয়ে দেখা হবে। যাচাই করা তথ্য পরে ভরসা প্রকল্পের মূল তথ্যভান্ডারে যুক্ত করা হবে।

## কীভাবে ব্যাঙ্কে ঢুকবে টাকা? (Bharosa Scheme Payment)

যোগ্য উপভোক্তাদের নিজেদের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হবে। সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকা বাধ্যতামূলক। টাকা মাসিক ভিত্তিতে অথবা নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেওয়া হবে। কোনও ব্যক্তি ভুল তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা পেলে অথবা পরবর্তী সময়ে প্রকল্পের যোগ্যতা হারালে তাঁর টাকা বন্ধ বা স্থগিত করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য চালু হচ্ছে ভরসা প্রকল্পের আর্থিক সহায়তা। মাসে ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত এই সাহায্য মিললেও সুবিধা পেতে হলে বয়স, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান এবং ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত শর্ত পূরণ করতে হবে।
