---
title: "মোবাইলে পাবজি খেলতে ব্যস্ত মা, বাড়িতেই জলের বালতিতে ডুবে মৃত্যু ১৪ মাসের শিশুর"
url: "https://prothomkolkata.com/barasat-14-month-old-baby-death-drowning/"
published: "2026-11-17T13:30:18+00:00"
modified: "2026-11-17T13:30:22+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# মোবাইলে পাবজি খেলতে ব্যস্ত মা, বাড়িতেই জলের বালতিতে ডুবে মৃত্যু ১৪ মাসের শিশুর

Barasat 14 Month Old Baby Death: খেলতে খেলতে বাড়ির রান্নাঘরের দিকে চলে গিয়েছিল ১৪ মাসের শিশুটি। সেখানে রাখা ছিল জলভর্তি একটি বালতি। কোনওভাবে সেই বালতির কাছে পৌঁছে যায় সে। কিন্তু শিশুর গতিবিধি কারও নজরে পড়েনি। বেশ কিছুক্ষণ পর তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলায় এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। মায়ের অসতর্কতার অভিযোগ তুলেছেন শিশুর বাবা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন মা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ।

## কীভাবে ঘটল দুর্ঘটনা? (Barasat 14 Month Old Baby Death)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতেই ছিল ১৪ মাসের শিশুটি। পরিবারের দাবি, সেই সময় নিজের মতো খেলাধুলা করছিল সে। বাড়ির অন্য সদস্যদের পাশাপাশি শিশুটির মা শ্রেয়া মণ্ডলও বাড়িতে ছিলেন। অভিযোগ, সেই সময় সন্তানের দিকে নজর ছিল না তাঁর। কিছুক্ষণের মধ্যেই কোনওভাবে রান্নাঘরের দিকে চলে যায় শিশুটি। সেখানে জলভর্তি একটি বালতিতে পড়ে যায় সে। কিন্তু বিষয়টি কারও নজরে আসেনি। দীর্ঘক্ষণ পর শিশুটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এত ছোট শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।

## মায়ের বিরুদ্ধে বাবার অভিযোগ (Barasat 14 Month Old Baby Death)

মৃত শিশুটির মা শ্রেয়া মণ্ডল উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলার বাসিন্দা। এলাকারই বাসিন্দা বিপ্লব বারুইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবন সুখের হয়নি। প্রায় দেড় বছর আগে থেকে আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এরপর থেকে শিশুটি মায়ের কাছেই থাকত।শিশুর বাবা বিপ্লব বারুইয়ের অভিযোগ, তাঁর স্ত্রী দিনের বেশির ভাগ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকতেন। মোবাইল ব্যবহারের বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে একাধিকবার অশান্তিও হয়েছে। মঙ্গলবারও দুপুরে শ্রেয়া মোবাইলে মগ্ন ছিলেন বলে অভিযোগ বিপ্লবের। তাঁর দাবি, সম্ভবত ওই সময় পাবজি খেলছিলেন শ্রেয়া। সেই কারণেই সন্তানের দিকে নজর দিতে পারেননি তিনি।

বিপ্লবের আরও প্রশ্ন, বাড়িতে অন্য সদস্যরাও ছিলেন। তা হলে তাঁদের কারও নজরে কেন পড়ল না শিশুটির গতিবিধি? কীভাবে এতক্ষণ ধরে শিশুটি নজরের বাইরে থাকল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

## কী বলছেন শিশুর মা? (Barasat 14 Month Old Baby Death)

অন্যদিকে, স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শ্রেয়া মণ্ডল। তাঁর দাবি, ঘটনার সময় তিনি মোবাইলে পাবজি খেলছিলেন না। বরং জামাকাপড় গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। সেই কারণেই শিশুটি কখন রান্নাঘরের দিকে চলে গিয়েছে, তা বুঝতে পারেননি। শ্রেয়ার বক্তব্য, শিশুটি সাধারণত রান্নাঘরের দিকে যেত না। তাই সেদিনও যে সে সেখানে চলে যেতে পারে, তা তিনি ভাবতে পারেননি। তাঁর দাবি, জামাকাপড় গোছানোর সময় সন্তানের গতিবিধি তাঁর নজরে আসেনি।

## তদন্তে বারাসত থানার পুলিশ (Barasat 14 Month Old Baby Death)

শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সময় বাড়িতে কারা উপস্থিত ছিলেন, শিশুটিকে কখন এবং কী অবস্থায় উদ্ধার করা হয়, পরিবারের সদস্যদের বক্তব্যে কোনও অসংগতি রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।মোবাইল ব্যবহারের অভিযোগ এবং শিশুটির মায়ের দেওয়া বক্তব্যও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি।

১৪ মাসের শিশুর এই মৃত্যু ফের ছোটদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। বাড়িতে ছোট শিশু থাকলে তাদের গতিবিধির দিকে সব সময় নজর রাখা কতটা জরুরি, এই ঘটনা তা মনে করিয়ে দিচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার।
