---
title: "বাংলাদেশে হিংসার আগুন! ফরিদপুরে কৃষক দলনেতা খুন, গোপালগঞ্জে থানায় আগুন"
url: "https://prothomkolkata.com/bangladesh-violence-faridpur-gopalganj/"
published: "2026-11-17T18:20:11+00:00"
modified: "2026-11-17T18:22:08+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# বাংলাদেশে হিংসার আগুন! ফরিদপুরে কৃষক দলনেতা খুন, গোপালগঞ্জে থানায় আগুন

Bangladesh Violence: বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ঘিরে মঙ্গলবার রাতেও একাধিক জায়গায় হিংসা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। ফরিদপুরের ভাঙ্গায় সংঘর্ষে মৃত্যু হল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের এক নেতার। অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগুন ধরিয়ে দেওয়া হল থানায়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও। পাশাপাশি গাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা তথা প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাজধানী ঢাকাতেও একাধিক জায়গায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশে।

## ফরিদপুরে সংঘর্ষে মৃত্যু কৃষক দলনেতার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামি লিগের লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সংঘর্ষেই মৃত্যু হয়েছে রাজু মোল্লা (৩৫) নামে এক বিএনপি নেতার। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টা নাগাদ হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রাত ৮টা নাগাদ হামিরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীরা। কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি তিনটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর রাত ৯টা নাগাদ হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল বের করেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু এর মধ্যেই দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত হন রাজু মোল্লা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

## টুঙ্গিপাড়ায় থানায় আগুন, উত্তপ্ত গোপালগঞ্জ

অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই মধ্যে টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগুনে থানার ব্যাপক ক্ষতি হয়েছে। থানার ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় থানার ভিতরে ভাঙচুরের ছবি দেখা গিয়েছে। কয়েকজনকে হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে থানার ভিতরে ঢুকে ভাঙচুর চালাতেও দেখা যায়।

স্থানীয় সূত্রে আরও দাবি করা হয়েছে, গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বাইরে থেকে যাতে নিরাপত্তারক্ষী বাহিনী এলাকায় ঢুকতে না পারে, সেই উদ্দেশ্যেই এই অবরোধ করা হয় বলে অভিযোগ। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘর্ষ ও আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

## গাজিপুরে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে আগুন

এদিকে গাজিপুরেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের গাজিপুর জেলা সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল দুষ্কৃতী।মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ গাজিপুর শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, কারা ওই বাড়িতে আগুন লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটিতে আগুন লাগানো হয়েছে, সেটি আ ক ম মোজাম্মেল হকের পুরনো টিনশেডের বাড়ি। তার পাশেই রয়েছে তাঁর আটতলা বাড়ি। তবে সেই বাড়িতে আগুন লাগেনি। পুরনো বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। অভিযোগ, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী প্রথমে বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেয়। তার পরেই আগুন ধরিয়ে দেওয়া হয়।

## গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতেও হামলা

শুধু প্রাক্তন মন্ত্রীর বাড়িই নয়, গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সাংসদ এস এম জিলানির বাড়িতেও হামলা চালানো হয়েছে। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে খবর। অন্যদিকে, রাজধানী ঢাকাতেও একাধিক জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পল্লবী ও মহাখালীর পর মঙ্গলবার রাতে বাড্ডা লিংক রোডেও একটি বাসে আগুন লাগানো হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের আধিকারিক শাহজাহান মিয়া জানিয়েছেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। তবে কীভাবে আগুন লাগল বা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতেই রাজধানীর পল্লবীর সিরামিক্স রোড এবং মহাখালীর আমতলী সড়কে দু'টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।

একদিকে ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি, অন্যদিকে গোপালগঞ্জ ও গাজিপুরে বাড়ি এবং থানায় অগ্নিসংযোগ। তার সঙ্গে রাজধানী ঢাকায় বাসে আগুন। মঙ্গলবার রাতের একের পর এক ঘটনায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
