---
title: "নাশকতা মোকাবিলায় কেন তারেক রহমানের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না?"
url: "https://prothomkolkata.com/bangladesh-political-unrest-bnp-jamaat/"
published: "2026-11-20T11:50:35+00:00"
modified: "2026-11-20T11:50:40+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# নাশকতা মোকাবিলায় কেন তারেক রহমানের সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না?

Bangladesh Political Unrest: বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নাশকতার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আপাতত কঠোর বলপ্রয়োগের পথে না গিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকার মনে করছে, আওয়ামী লীগ এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণহানি ঘটলে বিএনপি সরকারও রাজনৈতিকভাবে সমালোচনার মুখে পড়ে।

## নাশকতা ও সহিংসতা মোকাবিলায় সরকারের সতর্ক অবস্থান (Bangladesh Political Unrest)

প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারের কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কা করা হচ্ছে যে, আওয়ামী লীগ ও শেখ হাসিনা চাইছেন, নাশকতা দমনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালাক এবং রক্তপাত ঘটুক। তবে সরকার এই ধরনের উসকানিতে পা দিতে চায় না। বিশেষ করে গোপালগঞ্জের পরিস্থিতিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে বলে সরকারসংশ্লিষ্ট সূত্রের দাবি। পরিস্থিতির আরও অবনতি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

পুলিশের হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে দেশের ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এ ছাড়া পুলিশের তিনটি স্থাপনা ও ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা কার্যালয়েও হামলা, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ রয়েছে। নাটোরে বিএনপির দুই নেতা খুন হয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার পাশাপাশি স্থানীয় এক বিএনপি সাংসদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেছেন। লালমনিরহাটের জনসভাতেও তিনি অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে জানিয়েছেন, সরকার গণতান্ত্রিক, রাজনৈতিক ও আইনানুগ পথে পরিস্থিতি মোকাবিলা করবে। কোনও নিরীহ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হতে দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য, সরকার কোনও উসকানিতে পা দেবে না।

প্রথম আলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএনপির নেতাদের অভিযোগ, শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা উচিত। রাজনৈতিকভাবেও বেআইনি শক্তির মোকাবিলায় দল প্রস্তুত থাকবে।

অন্যদিকে, সাম্প্রতিক পরিস্থিতিতে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী দলগুলিকে নিয়ে সর্বদলীয় গণমিছিলের প্রস্তাব দিয়েছেন। বিরোধীদলীয় নেতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছেন। শিগগিরই রাজনৈতিক সংলাপের উদ্যোগ নেওয়া হতে পারে।

## রাজনৈতিক মাঠে বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি (Jamaat-e-Islami Bangladesh)

জামায়াতে ইসলামী-সহ বিরোধী দলগুলি ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের নেতা মামুনুল হক জানিয়েছেন, এই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। জামায়াতের নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদও বলেছেন, ঐক্য গড়তে হলে সরকারকে ওই দাবিগুলি বাস্তবায়নের পথে এগোতে হবে।

রাজনৈতিক কর্মসূচির দিক থেকেও বিএনপি ও জামায়াত পৃথকভাবে সক্রিয় হচ্ছে। বিএনপি নেতা-কর্মীরা রাজধানী-সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা এবং গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিচ্ছেন। প্রধানমন্ত্রী দলের সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, জামায়াত ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টিও বিভিন্ন জেলায় একক ও যৌথভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

প্রথম আলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকার আপাতত সংযত থেকে নাশকতা ও সহিংসতার বিস্তার ঠেকাতে চাইছে। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক ঐক্য ও মাঠের কর্মসূচির মাধ্যমেও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি চলছে।
