---
title: "স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ কি দিল্লির সিদ্ধান্তে চলবে? রিজভীর মন্তব্যে বাড়ছে জল্পনা"
url: "https://prothomkolkata.com/bangladesh-india-relations-rizvi-statement/"
published: "2026-11-29T14:48:47+00:00"
modified: "2026-11-29T14:49:17+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ কি দিল্লির সিদ্ধান্তে চলবে? রিজভীর মন্তব্যে বাড়ছে জল্পনা

Bangladesh India Relations: প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রশ্ন বারবার উঠে এসেছে। এবার সেই বিতর্কেই নতুন মাত্রা যোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশকে ভারতের অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টা এখনও অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশকে দিল্লির দাস হতে দেওয়া হবে না। ‘আমরা বাংলাদেশকে দিল্লির দাস হতে দেব না। জল্লাদকে সবখানে প্রতিহত করতে হবে।’ তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রিজভী।

## বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কেন উঠছে প্রশ্ন? (Bangladesh India Relations)

রিজভীর অভিযোগ, পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশকে নিজেদের প্রভাবাধীন রাখার চেষ্টা চালিয়ে আসছে দিল্লি। তাঁর কথায়, আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের লড়াই আজও শেষ হয়নি। তিনি আরও দাবি করেন, ভারতের প্রভাব বিস্তারের রাজনীতিতে পলাতক শেখ হাসিনা একসময় হাতিয়ার হিসেবে কাজ করেছেন। ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে দাবি করলেও, বাস্তবে চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে হাতের মুঠোয় রাখার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

শেখ হাসিনাকে আক্রমণ করে [রিজভী](https://prothomkolkata.com/ruhul-kabir-rizvi-bnp-acting-secretary-general/) বলেন, বাংলাদেশের মাটিতে তাঁর মতো ব্যক্তির কোনও জায়গা নেই। তাঁর অভিযোগ, ‘শেখ হাসিনার মতো জল্লাদের স্থান নেই বাংলাদেশে। ১৪০০ মানুষকে আপনি হত্যা করেছেন। দিল্লির তাবেদারির জন্য তারা আপনাকে মদদ দেয়।’

এদিন আরও বিস্ফোরক অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, দিল্লি থেকে টাকা পাঠানো হচ্ছে এবং সেই অর্থ ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। ‘হাসিনা আইনের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় ছিল। দিল্লি থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে বাংলাদেশে বোমা বানাচ্ছে স্বৈরাচার।’ সমাবেশ থেকে রিজভীর বার্তা ছিল, বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার কোনওভাবেই খর্ব হতে দেওয়া যাবে না। তিনি বলেন, বাংলাদেশকে দিল্লির দাস হতে দেওয়া হবে না এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
