---
title: "ভারত-বাংলাদেশের কনস্যুলার স্তরের আলোচনা আবারও পিছিয়ে গেল, নতুন তারিখ নিয়ে কী জানাল ঢাকা?"
url: "https://prothomkolkata.com/bangladesh-india-consular-talks-postponed-again/"
published: "2026-11-13T14:24:05+00:00"
modified: "2026-11-13T14:24:06+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ভারত-বাংলাদেশের কনস্যুলার স্তরের আলোচনা আবারও পিছিয়ে গেল, নতুন তারিখ নিয়ে কী জানাল ঢাকা?

Bangladesh India Consular Talks: **চলতি মাসের শেষে আলোচনার নতুন দিনক্ষণ নির্ধারণের প্রস্তাব বাংলাদেশের**

ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল কনস্যুলার স্তরের আলোচনা (Consular Talks)। দুই দেশের নাগরিকদের বিভিন্ন কনস্যুলার পরিষেবা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এই আলোচনা হওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু ফের পিছিয়ে গেল সেই বৈঠক। চলতি মাসের ১৭ ও ১৮ নভেম্বর আলোচনার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে বাংলাদেশের সুবিধাজনক সময় বিবেচনা করে চলতি মাসের শেষের দিকে নতুন তারিখ নির্ধারণের প্রস্তাব দিয়েছে ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলার প্রতিবেদনে দাবী করা হয়েছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে গত সপ্তাহে ভারতকে কূটনৈতিক স্তরে একটি চিঠি পাঠানো হয়। এর আগে অক্টোবরের শেষে ঢাকায় ভারত-বাংলাদেশের কনস্যুলার স্তরের আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের আলোচনার প্রেক্ষিতে সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়।

পরবর্তী সময়ে অক্টোবরের শেষদিকে ভারত একটি কূটনৈতিকপত্র পাঠিয়ে ১৭ ও ১৮ নভেম্বর বৈঠক আয়োজনের প্রস্তাব দেয়। তবে বাংলাদেশের পক্ষে ওই সময়ের পরিবর্তে চলতি মাসের শেষদিকে আলোচনার আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সাইদুর রহমান।

## **শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে জল্পনা** (Bangladesh India Consular Talks)

এদিকে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আইনজীবীর মাধ্যমে অনুরোধ জানানোর পরেই বৈঠক পিছিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। সেই সূত্রে দুই দেশের বর্তমান সম্পর্কের প্রেক্ষাপট নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের উল্লেখ করে দাবি করা হয়েছে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দুই দেশের সম্পর্কে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কনস্যুলার স্তরের আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেও এই ধরনের খবর প্রকাশিত হয়েছে।

তবে এই জল্পনার মধ্যে সাইদুর রহমান স্পষ্ট জানিয়েছেন, বৈঠক পিছিয়ে যাওয়ার সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে পাঠানো অনুরোধের কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, ওই আবেদন আসার আগেই ভারতকে বৈঠকের তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে কূটনৈতিকপত্র পাঠানো হয়েছিল।

## **দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কেন গুরুত্বপূর্ণ এই আলোচনা?** (Bangladesh India Consular Talks)

ভারত ও বাংলাদেশের মধ্যে ৪০টিরও বেশি দ্বিপাক্ষিক আলোচনার মঞ্চ রয়েছে। তার মধ্যে অন্যতম হল কনস্যুলার স্তরের আলোচনা। ২০১৭ সালে এই আলোচনা প্রক্রিয়া শুরু হয়। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে মোট চারবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ কনস্যুলার স্তরের আলোচনা হয়েছিল ২০২৪ সালের মে মাসে, নয়াদিল্লিতে। এই বৈঠকে দুই দেশের নাগরিকদের কনস্যুলার পরিষেবা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। ফলে এবারের বৈঠকের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গুরুত্ব পাচ্ছে। আপাতত বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী চলতি মাসের শেষদিকে নতুন তারিখ নির্ধারিত হয় কি না, সেদিকেই নজর থাকবে।
