---
title: "উত্তাল দুই শহর! গাজীপুর থেকে মিরপুর—একাধিক জায়গায় বিক্ষোভ, কেন উত্তপ্ত ঢাকা-গাজীপুর?"
url: "https://prothomkolkata.com/bangladesh-garment-worker-protests-gazipur-dhaka/"
published: "2026-11-18T07:28:48+00:00"
modified: "2026-11-18T07:33:07+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# উত্তাল দুই শহর! গাজীপুর থেকে মিরপুর—একাধিক জায়গায় বিক্ষোভ, কেন উত্তপ্ত ঢাকা-গাজীপুর?

`Bangladesh Garment Worker Protests`: বাংলাদেশের গাজীপুর ও ঢাকায় বুধবার, ১৮ নভেম্বর, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে একাধিক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর বাংলার প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে, রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুটি ঘটনায়ই আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে।

## **গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন** (`Bangladesh Garment Worker Protests`)

বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভিতরে অবস্থান করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এর জেরে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ চলাকালীন ডেগেরচালা সড়ক এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ভোগড়া মডেল দমকল কেন্দ্রের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শব্দবোমা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে চলে গেলেও বেলা সোয়া ১১টা নাগাদ তাঁদের আবার রাস্তায় ফিরে আসার প্রবণতা দেখা যায় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগের দিনের হিসাব অনুযায়ী, আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন এই তথ্য জানিয়েছেন।

## **মিরপুরে সিটি**কর্পোরেশনের **কার্যালয়ে হামলা-ভাঙচুর** (`Bangladesh Garment Worker Protests`)

অন্যদিকে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ রাজধানীর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয়ে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি দল সেখানে হামলা চালায়। ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকেরা।

ঘটনার পর ভবনের সামনের কাচ এবং লিফটের চারপাশের ঘেরাটোপ ভাঙা অবস্থায় দেখা যায়। কার্যালয়ের কর্মীদের দাবি, হামলাকারীরা ভিতরে ঢোকার চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি। হামলার পরে ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী দাবি করেন, গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা সূত্রে সতর্কতা ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, সকাল ৮টা ৫৫ মিনিটে ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কার্যালয়ের লোকজন সরে যেতে বাধ্য হন। পুলিশকে খবর দেওয়া হলেও বেশ কিছুটা দেরিতে তারা পৌঁছয় বলেও অভিযোগ করেন তিনি।

মামুন পাটোয়ারীর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক তথা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন। তাঁর ছবিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান চালানোর সঙ্গে এই হামলার যোগ থাকতে পারে বলেও মনে করছেন তিনি।

তবে পুলিশের বক্তব্যে ঘটনার অন্য দিক উঠে এসেছে। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানিয়েছেন, সকালে শ্রমিকেরা রাস্তায় নেমেছিলেন এবং সেখান থেকে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে থাকতে পারে।

## **কাফরুলেও শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ**

এ দিন সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি শব্দবোমা ব্যবহার করে।

পুলিশের , মিরপুর-১৪ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানায় প্রায় ৫ হাজার ১০০ জন শ্রমিক কাজ করেন। সকালে ওই কারখানার শ্রমিকেরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন বন্ধ করার চেষ্টা করেন। পরে ওই কারখানাগুলির শ্রমিকদেরও বাইরে নিয়ে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এবং সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

একই দিনে গাজীপুর ও ঢাকার একাধিক এলাকায় শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জনজীবন এবং শিল্পাঞ্চলের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ।
