---
title: "লকডাউনের প্রথম দিনে পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামিলিগের ২ কর্মী নিহত, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ"
url: "https://prothomkolkata.com/bangladesh-awami-league-lockdown/"
published: "2026-11-29T12:56:12+00:00"
modified: "2026-11-29T12:56:16+00:00"
author: "শীর্ষেন্দু চক্রবর্তী"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# লকডাউনের প্রথম দিনে পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামিলিগের ২ কর্মী নিহত, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ

Bangladesh Awami League Lockdown: নিষিদ্ধ থাকা আওয়ামি লিগের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অশান্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সড়কে ২৯ নভেম্বর রাত ১২টার পর থেকে বন্ধ রয়েছে দোকানপাট ও যানবাহন চলাচল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা
সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মী–সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা–কর্মী–সমর্থকদের সংঘর্ষে আওয়ামি লিগের দুই কর্মী নিহত হয়েছেন। এই দুজন হলেন ইব্রাহিম সিপাহি ও নিজামউদ্দিন মৃধা। বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়।

## **জাজিরায় সংঘর্ষ, নিহত দুই আওয়ামি লিগ কর্মী** (Bangladesh Awami League Lockdown)

২০ থেকে ২৫টি মোটরবাইক আগুন দেওয়া হয়। ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামি লিগের নেতা–কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। রবিবার দুপুর অবধি দেশের দক্ষিণের উপজেলাটিতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে গাছের গুঁড়ি, পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। এ সময় প্রায় ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটান তারা। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল যান চলাচল।

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন সামনে রেখে আওয়ামি লিগ আজ, রবিবার থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টা ‘লকডাউন’ ডেকেছে। হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়ার পর থেকেই সরকারি নিষেধাজ্ঞা কার্যত হেলায় উড়িয়ে কোমর বেঁধে নেমে পথে পড়েছেন আওয়ামি লিগের নেতা, কর্মী, সমর্থকরা। দেশের নানা প্রান্তে তাঁরা নিজেদের শক্তি প্রদর্শন করছেন। ঢাকার পদ্মাসেতু ছাড়াও গোপালগঞ্জ, চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজিপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অশান্তি রুখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি। স্থানীয় সূত্র জানায়, ভোরে বিকেনগর এলাকা থেকে আওয়ামি লিগের নেতাকর্মীরা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর তাবু টাঙিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা।

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/STRIKE-BAN.jpg)

## **টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ, ব্যাহত জনজীবন**

আওয়ামি লিগের নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ঘটে। এছাড়া ঢাকা-আরিচা
মহাসড়কের সাভার উপজেলা গেটের সামনে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ ও মিছিল করেছে ছাত্রলিগ। একই রাতে সাভার ও আশুলিয়ার পৃথক স্থানে পার্কিং করে রাখা দুটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সামনের সড়কে গাছ কেটে যানবাহন চলাচল বন্ধ করা হয়। বিভিন্ন মোড়ে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আওয়ামি লিগের নেতাকর্মীরা। এদিকে অবরোধ চলাকালে রবিবার দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে উপজেলার সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

৪৮ ঘণ্টার এই কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার সড়ক যোগাযোগ ও জনজীবনে অচলাবস্থা বিরাজ করছে। নোয়াখালী জেলার
কোম্পানীগঞ্জে মধ্যরাতে অগ্নিসংযোগ ও গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভুঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব কাণ্ড ঘটে। বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভুঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লিগ নেতা ওয়াসিম ও হাতকাটা ফারুকের নেতৃত্বে ৫-৬ জন সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। এদিকে মধ্য ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে নিরাপত্তা পরিকল্পনায় নতুন ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেপিআইসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক কার্যালয়,
সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হচ্ছে নজরদারি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ অভিযান, চেকপোস্ট ও টহল জোরদার রাখা হয়েছে।

## **পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ, বিস্ফোরণের অভিযোগ**

গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর, শিল্পাঞ্চল, পর্যটনকেন্দ্র, বাস টার্মিনাল, রেলস্টেশন, নৌবন্দর ও সব বিমানবন্দর ঘিরেই কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, অর্থদাতা ও কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মীদের শনাক্ত করে আগাম ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট ইউনিটগুলো। পুলিশ সদর দপ্তর বলছে, ডিসেম্বরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করাই এখন আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। প্যাট্রলিং, তল্লাশি ও ব্লক রেইড অব্যাহত রাখা হবে। ২৪ ঘণ্টাই প্রস্তুত রাখা হবে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটসহ বিশেষায়িত সব ইউনিট। নিষিদ্ধ সংগঠনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা, গুজব, সহিংসতা বা নাশকতার
পরিকল্পনা ও অপকর্ম ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা প্রতিরোধে সাইবার প্যাট্রলিং ও অনলাইন মনিটরিং কার্যক্রম জোরদার করেছে সাইবার ইউনিটগুলো।

একাধিক সূত্র জানিয়েছে, দেশের সব বিমানবন্দর, পদ্মা সেতু, যমুনা সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং থানাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে মশালমিছিল
করেছেন নিষিদ্ধ ছাত্রলিগের নেতা-কর্মীরা। পরে বিএনপির নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এ সময় উপজেলার হাইলধর ইউনিয়নে আওয়ামি লিগ ও বিএনপির নেতা-কর্মীরা মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
