---
title: "ভারতে আওয়ামীলীগ নেতারা কেন সীমান্ত এলাকায় যাচ্ছেন বারবার?"
url: "https://prothomkolkata.com/awami-league-leaders-border-visit/"
published: "2026-11-28T07:37:16+00:00"
modified: "2026-11-28T07:37:18+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ভারতে আওয়ামীলীগ নেতারা কেন সীমান্ত এলাকায় যাচ্ছেন বারবার?

`Awami League Leaders Border Visit`: বাংলাদেশে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সম্প্রতি তাঁদের কয়েকজনকে ভারত-বাংলাদেশ সীমান্তের দুটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর-সংলগ্ন এলাকায় দেখা গিয়েছে। বিবিসি নিউজ বাংলার প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে, নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্তে তাঁদের এই যাতায়াত ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

## কী পরিকল্পনা দলের? (`Awami League Leaders Border Visit`)

গত ২২ নভেম্বর, রবিবার, তাঁরা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় যান। এরপর ২৫ নভেম্বর, বুধবার, তাঁদের দেখা যায় ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্তে। নেতাদের বক্তব্য, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেই সম্ভাবনাকে সামনে রেখেই দলের নেতৃত্ব একাধিক পরিকল্পনা তৈরি করে রেখেছে। সীমান্ত-সংলগ্ন এলাকায় তাঁদের সাম্প্রতিক সফরও সেই প্রস্তুতিরই অংশ বলে দাবি তাঁদের। তবে কোন পরিকল্পনা শেষ পর্যন্ত কার্যকর করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেতাদের কথায়, এ বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন তাঁদের নেত্রী শেখ হাসিনাই।

এদিকে, ত্রিপুরায় অবস্থানরত [আওয়ামী লীগ](https://prothomkolkata.com/where-does-the-constitution-obey-the-awami-league-bnp-can-not-accept-china/)এবং দলটির সহযোগী সংগঠনগুলির নেতাদের সঙ্গেও এই সফরকে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সীমান্ত পরিদর্শনে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যেই আগরতলা ছেড়েছেন। বাকিদেরও শুক্রবারের মধ্যে ত্রিপুরা থেকে ফিরে যাওয়ার কথা। অন্যদিকে, বাংলাদেশে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁদের অনেকেই দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিচ্ছেন। দেশে ফিরে গ্রেফতার-সহ যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে, সেই সম্ভাবনাও তাঁরা মাথায় রাখছেন।

পাশাপাশি, দল এবং সহযোগী সংগঠনগুলির কয়েকশো নেতা-কর্মী ইতিমধ্যেই ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছেন বলেও জানা গিয়েছে। ফলে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে কী ধরনের প্রস্তুতি চলছে, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
