---
title: "ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ২২ বছর পর ফের ধর্ষণ-খুনের মামলায় মৃত্যুদণ্ড বহাল কলকাতা হাইকোর্টে"
url: "https://prothomkolkata.com/ashok-singh-death-penalty/"
published: "2026-11-17T10:09:49+00:00"
modified: "2026-11-17T10:10:18+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ২২ বছর পর ফের ধর্ষণ-খুনের মামলায় মৃত্যুদণ্ড বহাল কলকাতা হাইকোর্টে

Ashok Singh Death Penalty: ২০০৪ সালের ১৪ আগস্ট আলিপুর সংশোধনাগারে শেষবার ফাঁসি কার্যকর হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। তার প্রায় ২২ বছর পর ফের ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হুগলির গুড়াপে পাঁচ বছর দশ মাসের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় দোষী অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রাখল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ।

১৯৯১ সালে হেতাল পারেখকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। পরে ২০০৪ সালের ১৪ আগস্ট কলকাতার আলিপুর সংশোধনাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়।

## দোষীকে কী কারনে ফাঁসির সাজা দেওয়া হল? (Ashok Singh Death Penalty)

অন্যদিকে, ২০২৪ সালে হুগলির গুড়াপে পাঁচ বছর দশ মাসের এক শিশুকন্যাকে প্রথমে ধর্ষণ এবং পরে খুনের অভিযোগ ওঠে অশোক সিংহের বিরুদ্ধে। ২০২৫ সালে হুগলি জেলা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দোষী সাব্যস্ত অশোক। অন্যদিকে, রাজ্যের তরফে সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন জানানো হয়।

সব দিক বিবেচনা করে জেলা আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের নির্দেশই বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতে জানানো হয়, ঘটনাটি অত্যন্ত নৃশংস। এই পরিস্থিতিতে সাজা কমানোর কোনও যুক্তিসঙ্গত কারণ নেই।

তবে মৃত্যুদণ্ড বহাল থাকলেও আগামী তিন মাসের মধ্যে তা কার্যকর করা যাবে না। এই সময়ের মধ্যে অশোক সিংহ চাইলে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
