---
title: "আসানসোলে ‘এনকাউন্টার’! পলাতক অভিযুক্তকে পায়ে গুলি করে ধরল পুলিশ"
url: "https://prothomkolkata.com/asansol-pratap-arrest-police-firing/"
published: "2026-11-27T07:51:13+00:00"
modified: "2026-11-27T08:07:05+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# আসানসোলে ‘এনকাউন্টার’! পলাতক অভিযুক্তকে পায়ে গুলি করে ধরল পুলিশ

Asansol Pratap Arrest: [আসানসোলে](https://prothomkolkata.com/school-in-the-open-road-the-whole-world-will-know-the-master-of-the-road-salute-to-this-boy-from-bengal/) পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত প্রতাপকে অবশেষে নিজেদের হেফাজতে নিল পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়েও তার নাগাল পায়নি পুলিশ। শুক্রবার সকালে ফের শুরু হয় অভিযান। শেষ পর্যন্ত পুলিশের গুলিতে আহত অবস্থায় ধরা পড়ে প্রতাপ। তার পায়ে গুলি লেগেছে। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

## রাতভর নাকা তল্লাশি, তবু অধরা প্রতাপ (Asansol Pratap Arrest)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আসানসোলের হটন রোড এলাকায় প্রতাপের খোঁজে নাকা বন্দি করে তল্লাশি চালানো হয়। রাতভর পুলিশি নজরদারি চললেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে। এরপর শুক্রবার সকালেও অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

## বাড়ির পাশেই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি (Asansol Pratap Arrest)

শুক্রবার সকালে হিরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মানব সরণি এলাকায় দেখা যায় প্রতাপকে। গেঞ্জি ও বারমুডা পরা অবস্থায় তার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। ওই এলাকার একাধিক বাড়িতে ঢুকে পড়ে সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় তাকে ধরার চেষ্টা।

## দু'ঘণ্টার লুকোচুরি, পুলিশের গুলিতে আহত (Police Firing)

পুলিশের সঙ্গে প্রায় দু'ঘণ্টা ধরে লুকোচুরি চলে প্রতাপের। এই সময় একাধিকবার [পুলিশকে](https://prothomkolkata.com/bangladesh-political-arson-attacks/) লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাব দেয় পুলিশও। শেষ পর্যন্ত প্রতাপের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত প্রতাপকে ধরতে দীর্ঘক্ষণ অভিযান চালাতে হয় পুলিশকে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চলে এই তল্লাশি ও ধাওয়া। অবশেষে শুক্রবার সকালে পুলিশের অভিযানে ধরা পড়ে সে। তবে কীভাবে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই এলাকায় পৌঁছল এবং তার কাছে অস্ত্র এল কোথা থেকে, তা খতিয়ে দেখছে পুলিশ।
