---
title: "যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ, দাবি তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের"
url: "https://prothomkolkata.com/andaleeve-rahman-partho-awami-league-statement/"
published: "2026-11-26T10:52:50+00:00"
modified: "2026-11-26T10:56:58+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ, দাবি তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের

Andaleeve Rahman Partho: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেই একই পথে ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তাঁর অভিযোগ, দলটি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। এই ধরনের কার্যকলাপকে কোনওভাবেই রাজনীতি বলে অভিহিত করতে চান না তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে আলোচনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী-সহ অন্যান্যরা। আন্দালিভ রহমান পার্থ বলেন, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড দেখা যাচ্ছে, তা রাজনীতির পর্যায়ে পড়ে না। তাঁর কথায়, “আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরত আসার চেষ্টা করছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।”

## **সীমান্ত এলাকা পরিদর্শন ‘হালকা ব্লাফ পলিটিক্স’**(Andaleeve Rahman Partho Statement)

ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার সীমান্ত এলাকা পরিদর্শনের প্রসঙ্গেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। নানক-সহ কয়েকজন নেতার সীমান্ত ঘুরে দেখাকে তিনি ‘হালকা ব্লাফ পলিটিক্স’ বলে উল্লেখ করেন। পার্থের বক্তব্য, আওয়ামী লীগ যখন তাদের ভাষায় আন্দোলনের ডাক দিয়েছিল, তখন গোপালগঞ্জে সেই কর্মসূচি হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট নেতাদের নিজেদের এলাকায় তেমন কোনও আন্দোলন দেখা যায়নি বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে তিনি চাঁদপুরে মায়া সাহেব, কালকিনিতে বাহাউদ্দিন নাছিম, নোয়াখালী অঞ্চলে আলাউদ্দিন নাসিম এবং মোহাম্মদপুরে নানক সাহেবের এলাকার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, এই এলাকাগুলিতে কোনও আন্দোলন চোখে পড়েনি। তথ্যমন্ত্রীর মতে, সীমান্ত এলাকা পরিদর্শনের পিছনে দলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা থাকতে পারে। তাঁর বক্তব্য, রাজনৈতিকভাবে নিজেদের উপস্থিতি বজায় রাখতেই হঠাৎ করে কয়েকজন নেতা সীমান্ত ঘুরে এসেছেন।

## **শেখ হাসিনার বিমান চাওয়ার প্রসঙ্গে কী বললেন তথ্যমন্ত্রী?** (Bangladesh Information Minister)

দেশে ফেরার জন্য শেখ হাসিনার বিমান চাওয়ার প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, প্রচলিত আইন অনুযায়ীই বিচার হবে এবং বাংলাদেশে এ ধরনের কোনও সুযোগ নেই। তাঁর বক্তব্য, এই ধরনের অযৌক্তিক অনুরোধ বাংলাদেশ সরকার গ্রহণ করবে, এমনটা ভাবা হাস্যকর। দেশে ফিরলে শেখ হাসিনার ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া চলবে বলে জানান তিনি।

পার্থ আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বন্দি বিনিময় চুক্তি অথবা বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চেষ্টা চালানো হচ্ছে। তাঁর কথায়, “প্রচলিত আইনেই তিনি আসবেন। যদি আসেন, তার বিচার হবে অথবা আমরা যেভাবে চাচ্ছি, বন্দি বিনিময় চুক্তি বা আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেভাবে আমরা আনার চেষ্টা করে যাচ্ছি।”
