---
title: "গাজিপুরে প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, পুড়ল টিনের ঘর"
url: "https://prothomkolkata.com/akm-mozammel-haque-house-fire-gazipur-bangladesh/"
published: "2026-11-17T17:12:29+00:00"
modified: "2026-11-17T17:18:10+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# গাজিপুরে প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন, পুড়ল টিনের ঘর

AKM Mozammel Haque Ghazipur Fire: বাংলাদেশের গাজিপুরে প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা এ কে এম মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার রাতে গাজিপুর শহরের দক্ষিণ ছায়াবীথি এলাকার জোড়পুকুরপাড়ে এই ঘটনা ঘটে। আগুনে বাড়ির টিনের তৈরি ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তবে এই ঘটনায় কোনও মৃত্যু বা আহত হওয়ার খবর নেই। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা টিনের ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

## বাড়ির পরিচারককে বের করে আগুন লাগানোর অভিযোগ (AKM Mozammel Haque Ghazipur Fire)

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাত ৮টা নাগাদ একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই বাড়িতে ঢোকে। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তিকে জোর করে বাইরে বের করে দেওয়া হয়। এরপর বাড়িতে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, জোড়পুকুরপাড়ের আবাসিক এলাকায় মোজাম্মেল হকের একটি আটতলা বাড়ি এবং তার পাশেই একটি টিনের ঘর রয়েছে। পুরনো ওই টিনের বাড়িতে ভাড়াটেরা থাকতেন বলে জানা গিয়েছে। আগুনে ঘরটির পাশাপাশি ভিতরে থাকা আসবাবপত্রও পুড়ে গিয়েছে। তবে পাশের আটতলা বাড়িটিতে আগুন ছড়ায়নি। ফলে বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে।

## তদন্তে পুলিশ ও দমকল (AKM Mozammel Haque Ghazipur Fire)

গাজিপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমিনুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়েই পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। দমকলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ করা হয়। অন্যদিকে, গাজিপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সৈয়দুল আলম জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকলের একটি দল ঘটনাস্থলে থেকে তদন্ত করছিল। তদন্তের পরেই আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, এ কে এম মোজাম্মেল হক গাজিপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি বাংলাদেশের প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক অশান্তির কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে আগুন লাগার পিছনে নাশকতা রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
