---
title: "অ্যাসিড কিনলেই দিতে হবে পরিচয়পত্র! খুচরো বিক্রি বন্ধ করতে কি বলল সুপ্রিম কোর্ট?"
url: "https://prothomkolkata.com/acid-sale-ban-supreme-court-proposes/"
published: "2026-11-28T09:00:59+00:00"
modified: "2026-11-28T09:03:35+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# অ্যাসিড কিনলেই দিতে হবে পরিচয়পত্র! খুচরো বিক্রি বন্ধ করতে কি বলল সুপ্রিম কোর্ট?

Supreme Court Acid Sale Ban: [অ্যাসিড](https://prothomkolkata.com/this-leaf-is-very-useful-in-all-cases-of-detoxifying-or-uric-acid/) হামলা রুখতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে সুপ্রিম কোর্ট। খুচরো বাজারে সাধারণ মানুষের কাছে অ্যাসিড বিক্রি সম্পূর্ণ বন্ধ করার প্রস্তাব দিল দেশের শীর্ষ আদালত। শুধু দোকান নয়, অনলাইন এবং বাড়িতে পৌঁছে দেওয়ার মাধ্যমেও অ্যাসিড বিক্রি বন্ধ করার কথা বলেছে আদালত। একইসঙ্গে অ্যাসিড কেনার পর তার অপব্যবহার হলে ক্রেতাকেও দায় নিতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকী, নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা এবং ক্ষতিপূরণের জন্য ক্রেতার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টিও বিবেচনার কথা জানিয়েছে আদালত।

২৩ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানিতে এমন একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেয় বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন [সুপ্রিম কোর্টের](https://prothomkolkata.com/cjp-protest-delhi-traders-loss/) বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনা। অ্যাসিড হামলার শিকার শাহিন মালিকের করা আবেদনের ভিত্তিতে এই শুনানি হয়। এর আগে ৩১ অগস্ট এবং ২৭ অক্টোবরের শুনানিতেও কেন্দ্রকে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি পুরোপুরি বন্ধ করার বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছিল আদালত।

## কেন অ্যাসিড বিক্রি বন্ধের প্রস্তাব? (Acid Sale Ban)

আদালতের পর্যবেক্ষণ, বাজারে সহজে এবং কার্যত নিয়ন্ত্রণহীনভাবে অ্যাসিড পাওয়া যাওয়ায় অ্যাসিড হামলার ঘটনা ঠেকানো কঠিন হয়ে পড়ছে। ২০১৩ সালের ১৮ জুলাই 'লক্ষ্মী বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া' মামলায় অ্যাসিড বিক্রি ও বণ্টন নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই নির্দেশগুলির যথাযথ বাস্তবায়ন হয়নি বলে মনে করছে আদালত।

শুধু নিয়ম তৈরি করলেই হবে না, তার কার্যকর প্রয়োগও জরুরি। আদালতের মতে, অ্যাসিড হামলার ঘটনা এখনও ঘটতে থাকা প্রমাণ করে যে আগের নিরাপত্তামূলক ব্যবস্থাগুলি প্রত্যাশিত ফল দিতে পারেনি। তাই এবার আরও কঠোর আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছে শীর্ষ আদালত।

## কী কী নতুন নিয়মের প্রস্তাব? (Acid Sale Rules)

আদালতের প্রস্তাব অনুযায়ী, ব্যক্তিগত ক্রেতাদের কাছে খুচরো বাজারে অ্যাসিড বিক্রি পুরোপুরি বন্ধ করা উচিত। অনলাইন প্ল্যাটফর্ম কিংবা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও এই নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে।

তবে চিকিৎসার প্রয়োজনে অ্যাসিড বিক্রির ক্ষেত্রে বিশেষ ছাড় রাখার প্রস্তাব দিয়েছে আদালত। সেক্ষেত্রে সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ওষুধের দোকান বা ফার্মেসি থেকেই তা বিক্রি করা যেতে পারে। তবে তার জন্য সংশ্লিষ্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিক (Chief Medical Officer) অথবা সিভিল সার্জনের আগাম লিখিত অনুমতি নিতে হবে। প্রতিটি অনুমোদিত বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম ব্যবহার করার কথাও বলা হয়েছে। সেখানে ক্রেতার আধার কার্ড অথবা অন্য কোনও সরকারি পরিচয়পত্র, ঠিকানা, যোগাযোগের নম্বর, কেনার পরিমাণ এবং কেন অ্যাসিড কেনা হচ্ছে, সেই তথ্য উল্লেখ করতে হবে। কেনার সময় ক্রেতাকে লিখিতভাবে জানাতে হবে, নির্দিষ্ট যে কারণে অ্যাসিড কেনা হচ্ছে, তা অন্য কোনও কাজে ব্যবহার করা হবে না।

## অপব্যবহার হলে দায় নিতে হবে ক্রেতাকেও (Acid Sale Buyer Liability)

এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ক্রেতার দায়বদ্ধতা। আদালত জানিয়েছে, কেউ অ্যাসিড কিনে তা অন্য কাজে ব্যবহার করলে ক্রেতাকেও আইনি দায় নিতে হতে পারে। এমনকী, ক্রেতার অজান্তে অন্য কোনও ব্যক্তি কেনা অ্যাসিডের অপব্যবহার করলেও ক্রেতার দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করা উচিত বলে জানিয়েছে বেঞ্চ।

এছাড়া ক্রেতার স্থাবর সম্পত্তির তথ্যও সংগ্রহের প্রস্তাব দেওয়া হয়েছে। কেনা অ্যাসিডের অপব্যবহারের ফলে কেউ আক্রান্ত হলে, আইন মেনে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে আক্রান্তের চিকিৎসা এবং ক্ষতিপূরণের খরচ মেটানোর ব্যবস্থা করা যেতে পারে।

## স্কুল-কলেজের পাঠ্যক্রমেও অ্যাসিড হামলা প্রতিরোধের শিক্ষা (Acid Attack Prevention)

শুধু অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণ নয়, হামলা প্রতিরোধ এবং আক্রান্তদের পুনর্বাসনের বিষয়েও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছে আদালত। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-কে এই বিষয়ে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাসিড হামলায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য NAVYA সেন্টার ফর জাস্টিস এন্ড সোশাল চেঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৈরি সারভাইভার -সেন্ট্রিক নীতিকাঠামো বাস্তবায়নের বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

স্কুল এবং কলেজের পাঠ্যক্রমে অ্যাসিড হামলা প্রতিরোধ, সম্মতি, হয়রানি, আক্রান্তদের আইনি অধিকার এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, NCERT, UGC, ন্যাশনাল মেডিক্যাল কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

NALSA-কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই পাঠ্যক্রম এবং আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করার অগ্রগতি খতিয়ে দেখতে হবে। প্রতি তিন মাস অন্তর আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আপাতত কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২০১৩ সালের নির্দেশিকা ও পয়সানস এক্ট , 1919-এর অধীনে তৈরি নিয়ম কঠোরভাবে কার্যকর করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রস্তাবিত পদক্ষেপগুলি নিয়ে কেন্দ্রকে দু'সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। আগামী ১৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
