---
title: "জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্ট ঘিরে বিপাকে অভিষেক, ১৫ বছরের শাসন নিয়ে তোপ তাপসের"
url: "https://prothomkolkata.com/abhishek-banerjee-bhawanipore-police-summons/"
published: "2026-11-14T08:26:38+00:00"
modified: "2026-11-14T08:26:43+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্ট ঘিরে বিপাকে অভিষেক, ১৫ বছরের শাসন নিয়ে তোপ তাপসের

Abhishek Banerjee Bhawanipore Police: সোশ্যাল মিডিয়ায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে পোস্টের জেরে ভবানীপুর থানায় তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শনিবার বেলা সাড়ে ১২টার মধ্যে তাঁকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের আগেই ভবানীপুর থানায় পৌঁছে যান অভিষেক। তাঁকে থানায় তলব করা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। এ নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তাপস রায়। অভিষেক ও তাঁর পিসি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেছেন তিনি।

## কী কারণে থানায় তলব অভিষেককে? (Abhishek Banerjee Bhawanipore Police)

ঘটনার সূত্রপাত গত ২ মে। ওই দিন সমাজমাধ্যমে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টের ভাষা নিয়ে আপত্তি জানান ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয়।অভিযোগকারীর দাবি, অভিষেক তাঁর পোস্টে জ্ঞানেশ কুমারকে 'বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল' বলে উল্লেখ করেছিলেন। এই মন্তব্যের মাধ্যমে সমাজমাধ্যমে ঘৃণা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন অর্ণবকান্তি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অভিষেককে থানায় ডেকে পাঠানো হয়। শনিবার বেলা সাড়ে ১২টায় ভবানীপুর থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান তৃণমূল সাংসদ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

## অভিষেককে তলব নিয়ে কী বললেন তাপস রায়? (Abhishek Banerjee Bhawanipore Police)

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের তলব প্রসঙ্গে বিজেপি নেতা তাপস রায় বলেন, কেউ কোনও কাজ করলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেই পারে। তাঁর কথায়, "এমন কিছু কাজ করলে পুলিশ তাঁকে ডাকতে পারে। ১৫ বছর ধরে এরকম প্রচুর কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মানুষকে, বিরোধী দলের লোকেদের, এমনকি নিজেদের দলের লোকজনকেও পুলিশ দিয়ে হেনস্থা করিয়েছেন।"তাপসের দাবি, অতীতে বহু মানুষকে পুলিশি হয়রানির মুখে পড়তে হয়েছে। বিরোধী দলের কর্মীদের পাশাপাশি তৃণমূলের অন্দরেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

## বিজেপির কর্মীদের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গেও মন্তব্য (Abhishek Banerjee Bhawanipore Police)

এ দিন বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বক্তব্য নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তাপস রায়। তাঁর দাবি, দলের ক্ষতি হতে পারে এমন কোনও কাজ কেউ করলে দল ও সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এই অবস্থানকে তিনি সমর্থন করেন। তাপস বলেন, দলের স্বার্থের বিরুদ্ধে কাজ করলে ব্যবস্থা নেওয়া উচিত। তবে দলের কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দেওয়ার প্রসঙ্গেও তিনি প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, বিজেপি নিজেকে অন্যদের থেকে আলাদা দল হিসেবে তুলে ধরে। সেই কারণেই দলের অভ্যন্তরে এমন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

## তৃণমূলের দুর্নীতি নিয়েও সরব তাপস (Abhishek Banerjee Bhawanipore Police)

এ দিনের বক্তব্যে শুধু অভিষেককে তলবের বিষয়েই থেমে থাকেননি তাপস রায়। তৃণমূলের দুর্নীতি নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, তৃণমূলের মধ্যে কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত নন, এমনটা হতে পারে। কিন্তু দল হিসেবে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে।বামেদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, একসময় যারা বামেদের বিরুদ্ধে সরব হতেন, এখন তাঁদেরই বিভিন্ন বিষয়ে বামেদের কাছে যেতে হচ্ছে। কলকাতা পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলায় তৃণমূলের অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, বামেদের করা মামলায় এখন তৃণমূল পক্ষ হতে চাইছে।

## মমতা-অভিষেককে প্রতিহিংসাপরায়ণ বলেও আক্রমণ (Abhishek Banerjee Bhawanipore Police)

তাপস রায়ের বক্তব্যে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য অগ্নিশার একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। ওই পোস্টে পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত স্বার্থ নিয়ে কিছু মন্তব্য করা হয়েছিল বলে তাপস দাবি করেন। সেই প্রসঙ্গ টেনে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিহিংসাপরায়ণ বলে আক্রমণ করেন বিজেপি নেতা। তাঁর দাবি, পরিবারের সদস্যদের বক্তব্যও তাঁর আগের রাজনৈতিক অভিযোগকে সামনে এনেছে।

অন্যদিকে, অভিষেককে বারবার পুলিশের কাছে তলব করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে সাংবাদিকদের মধ্যে। এর উত্তরে তাপস বলেন, কোনও অভিযোগের ভিত্তিতে এফআইআর হলে এবং পুলিশ প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতেই পারে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনও মন্তব্য করতে চাননি।অভিষেকের থানায় হাজিরা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা যে আরও বাড়ল, তা স্পষ্ট। তবে এফআইআর-সংক্রান্ত অভিযোগের তদন্তে পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।
