---
title: "গুলির শব্দের মধ্যেই প্রসব, ২০ অন্তঃসত্ত্বার প্রাণরক্ষায় নজির নার্সের! জানেন সেই কাহিনি ?"
url: "https://prothomkolkata.com/26-11-mumbai-attack-nurse-anjali-kulthe/"
published: "2026-11-26T12:56:50+00:00"
modified: "2026-11-26T12:56:54+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# গুলির শব্দের মধ্যেই প্রসব, ২০ অন্তঃসত্ত্বার প্রাণরক্ষায় নজির নার্সের! জানেন সেই কাহিনি ?

26/11 Mumbai Attack Nurse: চারদিকে তখন আতঙ্ক। হাসপাতালের বাইরে চলছিল [জঙ্গিদের](https://prothomkolkata.com/tag/%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%82%e0%a6%a1%e0%a6%bc/) গুলিবর্ষণ। নিরাপত্তারক্ষীদের উপর হামলার খবর পেয়ে বুঝতে পেরেছিলেন বিপদ কতটা বড়। অথচ তাঁর উপরেই দায়িত্ব ছিল ২০ জন অন্তঃসত্ত্বা মহিলার। প্রাণ বাঁচাতে এক মুহূর্তও সময় নষ্ট করেননি মুম্বইয়ের কামা হাসপাতালের নার্স অঞ্জলি কুলথে। ২০০৮ সালের ২৬ নভেম্বর, [মুম্বইয়ে](https://prothomkolkata.com/samantha-bought-a-flat-in-mumbai-you-will-be-shocked-if-you-know-the-price/) জঙ্গি হামলার রাতে নিজের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় ২০ জন অন্তঃসত্ত্বা মহিলাকে নিরাপদে রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, হাসপাতালের ভিতরে গুলির শব্দের মধ্যেই এক উচ্চঝুঁকির অন্তঃসত্ত্বার নিরাপদ প্রসব করাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই নার্স। ২৬/১১-র ১৮ বছর পরেও তাঁর সেই সাহসিকতার কাহিনি নতুন করে উঠে এসেছে আলোচনায়।

### প্রাণ বাঁচাতে প্যান্ট্রিতে আশ্রয় ২০ অন্তঃসত্ত্বার (26/11 Mumbai Attack 20 Pregnant Women)

২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে কামা হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন নার্স অঞ্জলি কুলথে। হাসপাতালের অ্যান্টিনেটাল ওয়ার্ডে তখন তাঁর দায়িত্বে ছিলেন ২০ জন অন্তঃসত্ত্বা মহিলা। সেই সময় খবর আসে, ছত্রপতি শিবাজি টার্মিনাস (সিএসটি)-এ হামলা চালানো জঙ্গিরা হাসপাতালের দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের পিছন দিক থেকে গুলির শব্দ শোনা যায়।

জানলা দিয়ে বাইরে তাকিয়ে অঞ্জলি দেখতে পান, নিরাপত্তারক্ষীদের উপর হামলার পর সশস্ত্র জঙ্গিরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দ্রুত পদক্ষেপ করেন তিনি। ওয়ার্ডের ভিতরে থাকা ২০ জন অন্তঃসত্ত্বাকে একটি ছোট প্যান্ট্রিতে নিয়ে যান। এরপর ঘরের আলো নিভিয়ে দরজা বন্ধ করে দেন। প্রত্যেককে মোবাইল ফোন নীরব রাখতে বলেন, যাতে কোনও শব্দ বাইরে না যায়। এভাবেই দীর্ঘক্ষণ আতঙ্কের মধ্যে নিজেদের আড়াল করে রাখেন তাঁরা।

### গুলির শব্দের মধ্যেই উচ্চঝুঁকির প্রসব (26/11 Mumbai Attack Cama Hospital)

এর মধ্যেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। আশ্রয়ে থাকা এক অন্তঃসত্ত্বার প্রসব যন্ত্রণা শুরু হয়। ওই মহিলা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ফলে তাঁর ক্ষেত্রে ঝুঁকিও ছিল বেশি। কিন্তু হাসপাতালের বিভিন্ন অংশে তখনও গুলির শব্দ শোনা যাচ্ছিল। নিরাপত্তার কারণে চিকিৎসকদের পক্ষে সহজে ওয়ার্ডে পৌঁছনো সম্ভব হচ্ছিল না।

এমন পরিস্থিতিতে অঞ্জলি ওই মহিলাকে নিয়ে লেবার রুমের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত নিরাপদে সন্তানের জন্ম দেন ওই মহিলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই শিশুর নাম রাখা হয়েছিল 'গুলি'। জঙ্গি হামলার মধ্যে গুলির শব্দের পরিবেশে জন্ম হয়েছিল বলেই এমন নামকরণ।

### রাষ্ট্রসংঘে সাহসিকতার কাহিনি তুলে ধরেন অঞ্জলি ( 26/11 Mumbai Attack Anjali Kulthe)

কামা হাসপাতালে জঙ্গিদের হামলা কয়েক ঘণ্টা ধরে চলেছিল। সেই ভয়াবহ পরিস্থিতিতে অঞ্জলি কুলথে এবং তাঁর দায়িত্বে থাকা অন্তঃসত্ত্বারা প্রাণে বেঁচে যান। তবে হামলায় নিরাপত্তারক্ষী ও হাসপাতালের কর্মীদের কয়েকজনের মৃত্যু হয়।

ঘটনার বহু বছর পর, ২০২২ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অঞ্জলি। কীভাবে জঙ্গি হামলার মধ্যে ২০ জন অন্তঃসত্ত্বার প্রাণ রক্ষা করেছিলেন, তা বিস্তারিত জানান তিনি।

### অঞ্জলির সাহসিকতা থেকে অনুপ্রাণিত ছবি ( 26/11 Mumbai Attack Bharat Bhhagya Viddhaata)

২৬/১১-র সেই ঘটনার প্রেক্ষাপট এবার উঠে আসছে 'ভারত ভাগ্য বিধাতা' ছবিতে। কামা হাসপাতালে হামলা এবং সেই সময় হাসপাতালের কর্মীদের ভূমিকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি। তবে এটি অঞ্জলি কুলথের জীবনের হুবহু জীবনীচিত্র নয়।

২০০৮ সালের ২৬ নভেম্বর শুরু হওয়া মুম্বইয়ের জঙ্গি হামলায় মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছিল। দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ এই হামলার স্মৃতি আজও দগদগে। সেই অন্ধকার রাতেও অঞ্জলি কুলথের মতো মানুষের সাহসিকতা এবং দায়িত্ববোধ বহু মানুষের প্রাণ বাঁচানোর নজির হয়ে রয়েছে।
