---
title: "অভিনব কায়দায় বিয়ে সারলেন হরিয়ানার নার্স"
url: "https://prothomkolkata.com/%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/"
published: "2025-02-19T17:28:43+00:00"
modified: "2025-02-19T17:28:43+00:00"
author: "বিভাষ দে"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# অভিনব কায়দায় বিয়ে সারলেন হরিয়ানার নার্স

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বৃন্দাবনে গিয়ে। বিয়ে সারলেন হরিয়ানার নার্স। আর তা নিয়েই যত হইচই সোশ্যাল মিডিয়ায়। কাকে বিয়ে করলেন তিনি? কেনই বা বিয়ে করার জন্য ছুটে গেলেন এতো দূরে?

বিয়ে নিয়ে এক আলাদাই আনন্দ থাকে বর-কনের মধ্যে। বিয়ের ডেটের একমাস আগে থেকেই তোরজোর শুরু হয়ে যায় পাত্র-পাত্রীর বাড়িতে। এরপর সমস্ত রকমের রীতিনীতি মেনে চার হাত হয় এক। তবে সম্প্রতি যে বিয়ের ঘটনা ঘটেছে তা কিন্তু একেবারেই অন্যরকম। আর সেই কারণেই তো সোশ্যাল মিডিয়ায় এতো
হইচই। ভাবছেন এমন কেন বলছি? আসলে এর নেপথ্যে বিশেষ কারণ রয়েছে। হরিয়ানার নার্স সম্প্রতি বিয়ে করতে ছুটে গিয়েছিলেন বৃন্দাবন। এখন আপনাদের মনে হতেই পারে এটা একেবারেই স্বাভাবিক বিষয়। আজকাল ডেস্টিনেশন বিয়ে তো হচ্ছেই। কিন্তু এই বিয়েটা তেমন নয়, চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক।

ভগবান শ্রীকৃষ্ণের শহর মথুরার শ্রীধাম বৃন্দাবনে এক অত্যাশ্চর্য বিয়ের ঘটনা ঘটেছে। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। আসলে হরিয়ানার সিরসার বাসিন্দা জ্যোতি পেশায় নার্স। কিন্তু গত এক বছর ধরে তিনি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। আর কৃষ্ণ ভক্তিতে জ্যোতি এতটাই ডুবে ছিলেন যে, অবশেষে নিজের আরাধ্য দেবতা লাড্ডু গোপাল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই বিয়ে করেছেন তিনি। আর এই অভিনব বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল। আর সুদর্শন বরকে দেখার জন্য ভিড় জমিয়েছেন ভক্তরা। সমস্ত রীতি-আচার মেনেই বিয়ে হয়েছে। আর এ নিয়ে শুধু শ্রীধাম বৃন্দাবনেই নয়, দেশের সমস্ত জায়গায় চর্চা শুরু হয়েছে।

বলা হয় যে, হিন্দু ধর্মাবলম্বী মহিলারা সাধারণত নিজের স্বামীর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের গুণ চান। কিন্তু হরিয়ানার বছর চৌত্রিশের জ্যোতি ভাদওয়ার নিজের বিবাহিত জীবনের জটিলতায় বিরক্ত হয়ে উঠেছিলেন। সেই কারণেই ভগবান শ্যাম সুন্দরকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছেন। আপাতত নিজের বাবা বিবেকানন্দ মহারাজ এবং মা বৈষ্ণবী বোরিকরের সঙ্গে বৃন্দাবনেই থাকেন জ্যোতি। তিনি নিজেও ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। সেই কারণেই বিয়ে করেছেন লাড্ডু গোলাপলকে। এই বিয়েতে তাঁর গুরু ডক্টর গৌতম কন্যাদান করেছেন। আর লাড্ডু গোপালের বরযাত্রীতে যোগ দিয়েছিলেন প্রচুর মানুষ।

অভিনব এই বিয়ের পর জ্যোতি থেকে মীরা হয়েছেন তিনি। জ্যোতি তথা মীরা বলেন যে, 'রাতে ঘুমিয়ে আমি যে স্বপ্ন দেখতাম, আজ দিবালোকে সেই স্বপ্নই যেন সত্যি হল!' আর এহেন বিয়েতে অংশগ্রহণ করতে পেরে জ্যোতির আত্মীয় এবং বরযাত্রীরা খুবই খুশি হয়েছিলেন। সকলের আনন্দ-নাচ-গান দেখে তাঁদের বাঁধভাঙা আনন্দের ইঙ্গিত পাওয়া যায়। অবশেষে সন্ধ্যাবেলায় হয়েছে জ্যোতির বিদায়ীর অনুষ্ঠান।
